আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে আগামী ১৯ মে পূর্বনির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।
সংবাদ বিজ্ঞপ্তিটি গতকাল বুধবার বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বার কাউন্সিল ভবনে জরুরি সভায় বার কাউন্সিল সদস্যরা নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেন। সারা দেশে তীব্র জ্বালানিসংকটের কারণে নির্বাচনী কাজ ও প্রচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির অনুরোধ বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিত করা হলো।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আগামী ১৯ মে বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে এক সভায় নির্বাচনের এই দিন নির্ধারণ করা হয়। এর পর গত ৭ এপ্রিল বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে প্রকাশিত গেজেটে ৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ১৯ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারিত হয়।
বার কাউন্সিলের নির্বাচনী বিধি অনুযায়ী, মোট ১৪ জন সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। এর মধ্যে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত অ্যাডভোকেটদের মধ্য থেকে সাধারণ আসনে (জেনারেল সিট) ৭ জন এবং ৭টি আঞ্চলিক (গ্রুপ) আসনের প্রতিটির আওতাধীন স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও ৭ জন সদস্য নির্বাচিত হন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলা আইনজীবী সমিতির প্রত্যেক ভোটার সাধারণ আসনের জন্য ৭টি ভোট দিতে পারেন। অন্যদিকে স্থানীয় আইনজীবী সমিতির ভোটাররা সাধারণ আসনের জন্য ৭টি এবং নিজ নিজ আঞ্চলিক আসনের জন্য ১টি করে ভোট দেওয়ার সুযোগ পান। ঘোষিত তফসিলে ভোটকেন্দ্র হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সকল জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণ এবং বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানি আদালত প্রাঙ্গণ নির্ধারণ করা হয়েছিল।

সাংবাদিকদের নেটওয়ার্কিং ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ করে দিতে আগামী ৮ ও ৯ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। গণমাধ্যম বিষয়ক সংস্থা মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই সম্মেলন আয়োজন করছে। সম্মেলনে ১০টির বেশি দেশের সাংবাদিকেরা অংশ নেবেন।
৮ মিনিট আগে
মামলার জট নিরসনে ৮৭১ আদালত এবং ২৩২টি বিচারকের পদ সৃজন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এ ছাড়া আরও ৩০৪টি বিচারকের পদ সৃজন প্রক্রিয়াধীন আছে। নতুন ১৫০ জন সিভিল জজ নিয়োগ কার্যক্রম চলমান আছে।
৩৬ মিনিট আগে
গেটের সামনে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রয়েছে। সেখানে টার্ন স্টাইল, স্ক্যানিং পয়েন্ট এবং শুধু সংসদ সদস্যদের প্রবেশের নির্দেশনা সংবলিত সাইনবোর্ড দেখা গেছে। ভেতরে সভা ও অতিথি কার্ড প্রদর্শন সংক্রান্ত আরেকটি নির্দেশনাও টাঙানো রয়েছে।
১ ঘণ্টা আগে
মো. মাসদার হোসেন ১৯৯৫ সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। তখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণ সংক্রান্ত মামলাটি তিনি ও তাঁর সহকর্মী বিচারকেরা দায়ের করেছিলেন, যেটি ‘মাসদার হোসেন মামলা’ নামে পরিচিতি পায়।
১ ঘণ্টা আগে