Ajker Patrika

আইজিপিকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, দাবি ডিআরইউর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইজিপিকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, দাবি ডিআরইউর

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ডিআরইউ।

আজ সোমবার সংগঠনটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সোমবার পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’

এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দেওয়া অগ্রহণযোগ্য।

বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, কোনো পুলিশ সদস্যের কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। ঢালাও নেতিবাচক মন্তব্য করে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থাও ক্ষতিগ্রস্ত করা অনভিপ্রেত।

ডিআরইউ নেতারা আইজিপির বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে একই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় ক্র্যাব। ক্র্যাবও আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে যৌথ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

এদিকে, সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে উল্লেখ করে পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি; বিষয়টি অসাবধানতাবশত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত