সৌদি বিমানবন্দরে হামলা: শাহেদের মরদেহ দেশে আসছে শুক্রবার

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ ২৩ অক্টোবর (শুক্রবার) সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে। একই সঙ্গে তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ প্রায় ৯ লাখ টাকা পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহেদের মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে। পরদিন শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
১০ অক্টোবর বেলা ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন শাহেদ আহম্মেদ। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম। তাঁর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।
এদিকে শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি থেকে তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জমা হওয়া অর্থ দ্রুত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।











