Ajker Patrika

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর পরিচয়

আজকের পত্রিকা ডেস্ক­
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর পরিচয়
ফাইল ছবি

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির আগেই প্রথমবারের মতো সম্প্রসারিত হলো মন্ত্রিসভা। নতুন করে তিনজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এ ছাড়া পদোন্নতি পেয়ে একজন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শপথবাক্য পাঠ করান।

নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং পদোন্নতি পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আবদুল মঈন খান

বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির সদস্য।

১৯৪৭ সালের ১ জানুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী গ্রামে তাঁর জন্ম। তাঁর বাবা আবদুল মোমেন খান জিয়াউর রহমান সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। বাবার হাত ধরেই রাজনীতিতে আসা মঈন খান ২০০১-০২ সালে খালেদা জিয়ার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাচিং প্রু জেরী

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা শাখার আহ্বায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের নির্বাচনেও অংশ নেন এবং সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হন।

১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবানের ক্যাংভিটা এলাকায় তাঁর জন্ম। তাঁর বাবা অং শৈ প্রু চৌধুরী ছিলেন ব্যোমাং সার্কেলের রাজা এবং সাবেক সংসদ সদস্য। সাচিং প্রু বান্দরবান সদর উপজেলা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আন্দালিভ রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৪ সালের ২০ এপ্রিল জন্ম নেওয়া পার্থ ২০০৮ সালে প্রথমবার সংসদ সদস্য হন। তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র। ২০০০ সালে নাজিউর রহমান মঞ্জু বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রতিষ্ঠা করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মিল্লাত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি। ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে দ্বিতীয়বার জাতীয় সংসদে আসেন। তাঁর জন্ম ১৯৬১ সালের ১৪ জানুয়ারি।

হুমায়ুন কবির

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা ছিলেন।

২০২৫ সালের অক্টোবরে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হন। যুক্তরাজ্যে লন্ডনের মেয়রের দপ্তর ও লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে বিভিন্ন কৌশলগত দায়িত্ব পালন করেছেন। তিনি সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক এবং এলএসই, কেমব্রিজ ও লিডস ল স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম সিলেটের ওসমানীনগরে।

শামীম কায়সার লিংকন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। ২০০৬ সালের উপনির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি জন্ম নেওয়া লিংকন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পরে মালয়েশিয়ার আইআইএফ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর বাবা আবদুল মোত্তালিব আকন্দও একই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

নতুন এই ছয় সদস্যকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার আরও বড় হলো। মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের একটি সুত্র জানিয়েছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। কিছুক্ষণ পর প্রজ্ঞাপন জারি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত