
মানব পাচারসহ বিভিন্ন অপরাধের কারণে বাংলাদেশের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের সাজা সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কুয়েতের সর্বোচ্চ আপিল আদালত কাজী শহিদ ইসলামের সাজা বাতিলের আবেদন খারিজ করে দেন। ফলে কাজী শহিদ ইসলাম পাপুলকে ৭ বছর কারাদণ্ড ও ২৭ লাখ কুয়েতের দিনার অর্থদণ্ডের সাজা ভোগ করতে হবে। সাজা শেষ করার পরে তাঁকে দেশ থেকে বের করে দেওয়ার আদেশও দেওয়া হয়েছে। আজ রোববার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এর আগে মানব পাচারের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাপুলের চার বছর কারাদণ্ড হয়েছিল। সেই সঙ্গে দেওয়া হয়েছিল ১৯ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড। কুয়েতে পাপুলের বিরুদ্ধে দুটি মামলা হয়। অর্থ পাচার এবং মানব পাচার ও ঘুষ লেনদেনের মামলায় পাপুলের এ সাজা হয়েছিল।
এরপর সেই রায়ের বিরুদ্ধে আবেদন করলে কুয়েতের আপিল আদালত চলতি বছরের মাঝামাঝি সময়ে চার বছরের সাজা বাড়িয়ে সাত বছর করে এবং ২৭ লাখ অর্থদণ্ড করে। আপিল আদালতের রায়কে বাতিল চেয়ে নিরীক্ষার জন্য আবেদন করেন কাজী শহিদ ইসলাম পাপুল। সেই আবেদন খারিজ করে তাঁর সাজা বহাল রাখেন দেশটির সর্বোচ্চ আদালত। কুয়েতের আইন অনুযায়ী পাপুলের সামনে এ রায় নিয়ে আর কোনো আবেদনের পথ খোলা নেই। ফলে তাঁকে সম্পূর্ণ সাজা ভোগ করতে হবে।
কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে একই অপরাধে দেশটির ওয়ার্ক ফোর্স বিভাগের পরিচালক ও সাবেক সাংসদ সালাহ খোরশিদকে সাত বছরের কারাদণ্ড এবং ৭ লাখ ৪০ হাজার কুয়েতের দিনার অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মাজেন আল জারাহকেও একই মেয়াদের সাজা দেওয়া হয়েছে। আর কুয়েতের বর্তমান সাংসদ সাদোউন হাম্মাদির বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত হয়নি।
২০২০ সালের জুন মাসের শুরুতে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে কাজী শহিদ ইসলাম পাপুলকে। লক্ষ্মীপুর-২ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সাংসদ হয়েছিলেন কাজী শহিদ ইসলাম পাপুল। কুয়েতের আদালতে সাজা দেওয়ার পর সাংসদ পদ চলে যায় তাঁর।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে একপর্যায়ে এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ নেয়।
১ ঘণ্টা আগে
গণতন্ত্রের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না উল্লেখ করে স্পিকার বলেন, মাঝে মাঝে স্বৈরশাসকের পদধ্বনি আমরা শুনতে পেয়েছি। জনগণ বিড়ম্বিত হয়েছে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্যদের মধ্যে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের জোটসঙ্গীরা। আজ বৃহস্পতিবার সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তাঁর ভাষণ প্রদানের জন্য আহ্বান জানালে হট্টগোল শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে