বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য পদত্যাগ করেছেন। তাঁরা হলেন— কমিশনের সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ রোববার তাঁদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। পিএসসি সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করেন সদ্য পদত্যাগ করা দুই সদস্য মো. মহিউদ্দিন ও এম সোহেল রহমান। তাঁরা জানান, ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্বে পালনে তাঁরা ইচ্ছুক নয়।
সূত্র বলছে, মো. মহিউদ্দিন গত ১৫ অক্টোবর এবং অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। আজ ১৮ অক্টোবর রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন। পদত্যাগপত্রে দুই সদস্যই তাঁদের পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন।
এর আগে গত আগস্ট মাসে পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন।










