Ajker Patrika

মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মামা ওবায়দুর কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩০
মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মামা ওবায়দুর কারাগারে
ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ দুপুরের পর ওবায়দুর রহমানকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ওবায়দুর রহমান সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার সঙ্গে জড়িত রয়েছেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

এর আগে গত রোববার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে আটক করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ও তাঁর স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত