Ajker Patrika

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক
ফাইল ছবি

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ২৮ কোটি ১৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পৃথক তিনটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে।

আজ রোববার দুদক সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।

দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর নিজের নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর নামে পরিচালিত ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে নানকের মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর নামে পরিচালিত ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধেও দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

দুদকের হিসাব অনুযায়ী, নানক ও তাঁর পরিবারের তিন সদস্যের নামে মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকা।

সাবেক হুইপ আতিক ও স্ত্রীর বিরুদ্ধেও মামলা

এছাড়া, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মো. আতিউর রহমান আতিক এবং তাঁর স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের তথ্য অনুযায়ী, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিকের বিরুদ্ধে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধে রয়েছে ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

দুদকের অভিযোগ, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেন আতিক। রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে স্ত্রীকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আতিকের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে একই আইনের সংশ্লিষ্ট ধারার পাশাপাশি দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত