Ajker Patrika

ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে ‘অপতথ্য’, সতর্ক করল রেলওয়ে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে ‘অপতথ্য’, সতর্ক করল রেলওয়ে
ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের নাম বা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপতথ্য ছড়ানোর অভিযোগে সতর্ক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব অ্যাকাউন্টের পোস্ট শেয়ার, কমেন্ট এবং সদস্য না হতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ফেসবুক ও ইউটিউবে বাংলাদেশ রেলওয়ের নাম বা বিভিন্ন ট্রেনের নাম ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। এসব অ্যাকাউন্টের অধিকাংশের প্রকৃত পরিচয় গোপন করা হয়েছে। এমনকি বিদেশ থেকেও রেলওয়ের নামের সঙ্গে মিল রেখে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে।

অফিস আদেশে বলা হয়, এসব অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হচ্ছে। এতে রেলওয়ে সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

রেলের কিছু কর্মকর্তা-কর্মচারীও এসব ভিত্তিহীন খবর শেয়ার ও কমেন্ট করে মতামত দিচ্ছেন এবং ছদ্মনামে পরিচালিত অ্যাকাউন্টের সদস্য হচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে আদেশে।

এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ের নাম বা নামের আংশিক ব্যবহার করে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিত্তিহীন ও অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এসব পোস্ট শেয়ার বা কমেন্ট না করা এবং ভুয়া অ্যাকাউন্টের সদস্য না হওয়ার জন্য রেলওয়ের সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত