Ajker Patrika

ডিপিডিসির সমীক্ষায় অসন্তোষ, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ নিয়ে ফের জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭: ৪৩
ডিপিডিসির সমীক্ষায় অসন্তোষ, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ নিয়ে ফের জরিপ
ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তৈরি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক মনে করেনি সংশ্লিষ্ট কমিটি। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে জরিপ করে প্রতিবেদন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনা এবং পৃথক সাবমিটার স্থাপনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার সংসদ ভবনে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক মতামত প্রদান-সংক্রান্ত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ডিপিডিসির মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা দেখানো হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাবমিটার স্থাপন ও চালুর জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাবমিটার স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দ করা সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং এ-সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয় যাচাইয়ে একটি সাবকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত এ সাবকমিটিতে জাতীয় সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। আগামী সভায় এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে আপত্তি জানায় কমিটি। একই সঙ্গে চুক্তিনামাসহ বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত হয়।

সভায় কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত