
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় নবগঠিত দুটি ইউনিয়নের নাম তাঁর দুই ছেলের নামে রাখা হয়েছে—জামায়াত এমপির এমন বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ছাড়া তাঁর পৈতৃক বাড়ির নাম অনুসারে আরেকটি ইউনিয়নের নামকরণ নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলের সদস্যরা। তবে প্রতিমন্ত্রী দাবি করেছেন, এটি কেবল নামের মিল এবং নামগুলো প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় বিষয়টি উত্থাপন করেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
মীর শাহে আলম বগুড়া-২ আসনের এমপি। এই নির্বাচনী এলাকার শিবগঞ্জ উপজেলা ভেঙে গত মাসে পাঁচটি ইউনিয়ন পরিষদ নিয়ে ‘মোকামতলা উপজেলা’ গঠন করা হয়। গত বৃহস্পতিবার (১১ জুন) এই উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ ভেঙে গঠন করা হয় ‘সীমান্ত ইউনিয়ন’। দেউলী ইউনিয়ন ভেঙে গঠন করা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’। ময়দানহাট্টা, শিবগঞ্জ (আংশিক) ও মোকামতলা ইউনিয়নের অংশবিশেষ নিয়ে গঠিত হয় ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’। মোকামতলা ইউনিয়নের অবশিষ্ট অংশ নিয়ে গঠিত হচ্ছে পৌরসভা।
একই সঙ্গে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী’ নামে আরেকটি ইউনিয়ন গঠনের গেজেট গতকাল রোববার প্রকাশ করা হয়। প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’।
ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ১১(১) ধারা অনুযায়ী, জেলা প্রশাসক সরকারি গেজেটে প্রজ্ঞাপনে কয়েকটি গ্রাম বা সংলগ্ন মৌজা বা গ্রামের সমন্বয়ে একটি ওয়ার্ড এবং ৯টি ওয়ার্ডের সমন্বয়ে একটি ইউনিয়ন ঘোষণা করতে পারেন। নবগঠিত ইউনিয়নের নাম নির্ধারণ করবেন জেলা প্রশাসক। তবে কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে না।
আজ মাগরিবের নামাজের বিরতির আগে সম্পূরক বাজেট আলোচনায় বিষয়টি সংসদে তোলেন জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকায় তাঁর পৈতৃক বাড়ির নামে ‘মীরবাড়ী’ ইউনিয়ন এবং তাঁর দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণ না করার যে নীতি সরকার নিয়েছে, এ ঘটনা তার সঙ্গে সাংঘর্ষিক।
মাগরিবের নামাজের বিরতির পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, মোকামতলার সৈয়দপুর ও দেউলী—এ দুটি ইউনিয়ন ছিল অনেক বড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে নতুন নামকরণ করেছেন। সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে। সীমান্তবর্তী হওয়ায় এটার নাম করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। আরেকটি গাইবান্ধার কাছে, এটি অনেক দূরবর্তী হওয়ায় এটার নাম রেখেছে ‘দিগন্ত’।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রী শাহে আলম ১২টি প্রতিষ্ঠানের মালিক। এর একটি মীর সীমান্ত ফিলিং স্টেশন, আরেকটি মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি।
দেশের বিভিন্ন জায়গায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম রয়েছে উল্লেখ করে শাহে আলম বলেন, ‘মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমাদের সন্তানের নাম হচ্ছে—মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম—নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কিন্তু নামের আগে তো মীর নেই।’
এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান। মীর শাহে আলম তখন বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি যে বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড, ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি যে, খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। উনি যে দয়া করে বলেননি যে, গুলশান ১-এ যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার।’ তিনি শফিকুল ইসলাম মাসুদের এ-সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি করেন।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্য, আপনি তো ব্যক্তিগত কৈফিয়ত দিয়েছেন। মাননীয় সদস্য (মাসুদ) যা বলেছেন, সেটাও কার্যপ্রণালিতে থাকবে। আপনি যা বলেছেন, সেটাও কার্যপ্রণালিতে থাকবে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব, এটাতে কোনো অসংসদীয় শব্দ আছে কি না।’
গেজেট অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে গঠিত সীমান্ত ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। দেউলী ইউনিয়নে আটটি মৌজা নিয়ে গঠিত দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
২ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
২ ঘণ্টা আগে
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে।
৩ ঘণ্টা আগে