Ajker Patrika

বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাসস
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮: ০৬
বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে একটি সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

আজ রোববার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এ কথা জানান। তিনি আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১-এ বিশ্বনেতাদের সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকটিকে অত্যন্ত আন্তরিক ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা একটি শক্তিশালী ও আরও পূর্ণাঙ্গ অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছি।’

হুমায়ুন কবির জানান, দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষাশিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, প্রতিরক্ষাশিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ ও প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির জানান, দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনায় বিশেষ আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।

বৈঠকটির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজক হিসেবে অত্যন্ত ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান সফররত সব সরকারপ্রধানদের মধ্যে সীমিতসংখ্যক নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম দিনেই যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠকটি ছিল অন্যতম।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশ ও এর নেতৃত্বের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের গুরুত্বারোপের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

হুমায়ুন কবির বলেন, দুই নেতা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন, সমন্বিত কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় যে উদ্বেগ বাড়ছে, তা বিবেচনায় নিয়ে উভয় পক্ষই কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করেছে।

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা ও মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খুবই ইতিবাচক আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার একজন প্রিয় ভাই ও এমন একজন নেতা, যাঁর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, তুরস্ক তার সক্ষমতার পরিধির মধ্যে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে হুমায়ুন বলেন, ‘বাংলাদেশের জন্য আমার ও তুরস্কের সক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব, আমি তা করব। শুধু কোথায় ও কী করা প্রয়োজন, তা আমাকে জানাতে হবে।’

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ়।

এই বৈঠকে অর্জিত সমঝোতা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিনিয়োগ ও মানবিক কূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী। ইনশা আল্লাহ, এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত