Ajker Patrika

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন
তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি: বিজ্ঞপ্তি

জননিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় মোতায়েন করা সদস্যরা কাজ করছেন।

তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি: বিজ্ঞপ্তি
তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি: বিজ্ঞপ্তি

বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন। কেপিআইভুক্ত স্থাপনাসহ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তাঁরা নির্ধারিত স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধেও নজরদারি করছেন তাঁরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারত্ব ও সমন্বয় বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

জননিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত