আদালতে মামলাজট

সর্বোচ্চ থেকে অধস্তন; সব আদালতেই বেড়েছে মামলাজট। গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৯ মাসে সারা দেশের আদালতগুলোতে মামলা বেড়েছে ২ লাখের বেশি। মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণে ভোগান্তি ও হয়রানি বাড়ছে বিচারপ্রার্থীদের।
আইনজীবীরা বলছেন, মামলা দায়েরের অনুপাতে বিচারকের অপ্রতুলতার কারণে নিষ্পত্তির সংখ্যা কম। বিভিন্ন আদালতের অবকাঠামোগত সংকট থাকার পাশাপাশি মিথ্যা মামলা এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াইয়ের প্রবণতাও মামলাজটের জন্য দায়ী। মামলাজট কমাতে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব এখনো বাস্তবায়ন করেনি সরকার। অবশ্য মামলা নিষ্পত্তিতে গতি আনতে সম্প্রতি সরকার ফৌজদারি ও দেওয়ানি আদালত পৃথক করে প্রজ্ঞাপন জারি করেছে।
সুপ্রিম কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪৪ লাখ ৪৩ হাজার ৫১০টি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে (সর্বোচ্চ আদালত) ২৮ হাজার ৯০১টি, হাইকোর্ট বিভাগে ৫ লাখ ৭৭ হাজার ২৮০টি এবং অধস্তন আদালতে ৩৮ লাখ ৩৭ হাজার ৩২৯টি মামলা বিচারাধীন ছিল।
তবে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৫২ হাজার ২৬০টি। এর মধ্যে আপিল বিভাগে ৩৭ হাজার ২টি, হাইকোর্ট বিভাগে ৬ লাখ ১৬ হাজার ৪৫৩টি এবং অধস্তন আদালতে ৩৯ লাখ ৯৮ হাজার ৮০৫টি। অর্থাৎ গত ৯ মাসে মামলা বেড়েছে ২ লাখ ৮ হাজার ৭৫০টি। এর মধ্যে আপিল বিভাগে বেড়েছে ৮ হাজার ১০১টি মামলা। এ ছাড়া তদন্তের পর্যায়ে রয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩৩১টি মামলা।
দৃষ্টি আকর্ষণ করা হলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন বলেন, ‘বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের জন্য নানা উদ্যোগ নিয়েছেন। বিচার বিভাগ সচিবালয় বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। জেলা আদালতের মামলা নিষ্পত্তির জন্য মনিটরিং টিম করেছেন। অনেক জেলা আদালতে তিনি নিজে গেছেন। আশা করি মামলা নিষ্পত্তি বাড়বে। আপিল বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের মামলা বেশি। ওসব মামলায় অনেক সময় লাগে। এ কারণে আপিল বিভাগে নিষ্পত্তি কম হয়েছে।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অনেক মামলা হচ্ছে। মিথ্যা মামলাও হচ্ছে। মামলা দায়েরের অনুপাতে নিষ্পত্তি কম হচ্ছে বলে জট বাড়ছে। নিষ্পত্তি কম হওয়ার কারণ হলো—বিচারকের সংখ্যা কম, লজিস্টিক সাপোর্ট কম এবং জেলা আদালতে প্রয়োজন অনুযায়ী এজলাস না থাকা। এখন বিচারপ্রার্থীরা জেলা আদালতের পরে উচ্চ আদালতে রিভিউ পর্যন্ত দেখতে চান। আগে ১০ শতাংশ মামলা রিভিউ পর্যন্ত আসত। এখন ৯০ শতাংশই রিভিউ পর্যন্ত আসে। সুশাসন না হলে মামলা বাড়তে থাকবে। তাই মামলা নিষ্পত্তির জন্য মহাপরিকল্পনা করা উচিত।
সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ধীরগতি
মামলাজট নিরসনসহ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল বিচার বিভাগ সংস্কার কমিশন। এর মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, জেলা আদালত ও সুপ্রিম কোর্টে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, বিচারপতি নিয়োগ আইন, ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন, বিচারক ও আদালতের নিরাপত্তায় মার্শাল সার্ভিস, বিচারকদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, আদালত ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার অন্যতম। এর মধ্যে কিছু প্রস্তাব বাস্তবায়ন হলেও বেশির ভাগই বাস্তবায়ন হয়নি। এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে মামলাজট নিরসন ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য তানিম হোসেইন শাওন বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন হয়েছে। লিগ্যাল এইড আইন, দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যবিধিতে কিছু সংস্কার হয়েছে। পৃথক অ্যাটর্নি সার্ভিস আইনের খসড়া তৈরি করা হয়েছে। তবে বিএনপি-সমর্থক আইনজীবীরা এতে আপত্তি জানিয়েছেন। তিনি আশা করছেন, এটা হবে। ফৌজদারি মামলা তদন্তে পৃথক তদন্ত সংস্থার সুপারিশ বাস্তবায়নে সময় লাগবে। অবকাঠামোগত বিষয়টি সমাধান করা দীর্ঘমেয়াদি কাজ। তিনি বলেন, সংস্কার কমিশনের বেশ কিছু কাজ সুপ্রিম কোর্টে আটকে আছে। এর মধ্যে রয়েছে, আদালত ব্যবস্থাপনা, আপিল বিভাগে আইনজীবী এনরোলমেন্ট ও সিনিয়র আইনজীবী এনরোলমেন্ট, আদালতের সময় বাঁচাতে অনলাইনে মেনশন স্লিপ নেওয়া ইত্যাদি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা। প্রস্তাবনা অনুযায়ী ১০০ কিলোমিটারের কম ও বেশি উভয় দূরত্বে কিলো প্রতি ১ টাকা বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই...
২০ মিনিট আগে
তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্রের মালিকপক্ষের আয়কর প্রদানে মতপার্থক্য দেখা দেওয়ায় ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড কার্যকর হয়নি। বর্তমানে ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন-সংক্রান্ত বিষয়ে ৬টি রিট/সিভিল পিটিশন
২৪ মিনিট আগে
বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবিতে সড়ক পরিবহন ও সেতু এবং নৌ-পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির প্রতিনিধিরা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জার্মানির কোম্পানি অ্যারোডাটা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আগ্রহের বিষয়টি তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লট্জ।
১ ঘণ্টা আগে