উৎসবের পর শাড়ি আলমারিতে তুলে রাখার আগে যা করবেন

দুর্গাপূজার পাঁচ দিন অনেকের শাড়ি পরেই কেটেছে। জামদানি, কাঞ্জিভরম, তসর কিংবা শিফন; পূজায় একেক দিন একেক শাড়িতে নিজেকে সাজাতে ভালোবাসেন বাঙালি নারী। কিন্তু উৎসবের শোরগোল শেষ হতেই আসল চিন্তা শুরু হয়। সাধের শাড়িগুলো কীভাবে আলমারিতে তুলে রাখলে বছরের পর বছর নতুনের মতো থাকবে, তা নিয়ে অনেকেই দ্বন্দ্বে পড়েন। সামান্য অসাবধানতায় দামি শাড়িগুলোর চাকচিক্য ও তরতাজাভাব নষ্ট হয়ে যেতে পারে। উৎসব শেষে শাড়ি আলমারিতে তুলে রাখার আগে কিছু জরুরি বিষয় মনে রাখা প্রয়োজন।
বাতাসে শুকিয়ে নিতে হবে
উৎসবের দিন শাড়ি পরে কাজকর্ম করলে তাতে ঘাম বসতে পারে। আলমারিতে তোলার আগে শাড়িটি অন্তত কয়েক ঘণ্টা ছায়ায় বা পাখার বাতাসে মেলে রাখুন। কখনোই ঘাম বসা শাড়ি সরাসরি আলমারিতে রাখবেন না, এতে শাড়িতে ফাঙ্গাস বা ছত্রাক পড়ে স্থায়ী দাগ হয়ে যেতে পারে।

লন্ড্রি ও ড্রাই ক্লিনিং
বেনারসি, কাঞ্জিভরম, ভারী জরির কাজ করা সিল্ক বা কাতান শাড়ি বাড়িতে না ধুয়ে ড্রাই ক্লিন করানোই ভালো। সুতি বা জর্জেট শাড়ি বাড়িতে ধুতে চাইলে মৃদু শ্যাম্পু বা লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। ধোয়ার পর কড়া রোদে শাড়ি শুকাবেন না, এতে শাড়ির রং জ্বলে যেতে পারে।
ভাঁজ করার কৌশল
সিল্ক বা দামি শাড়ি দিনের পর দিন একই ভাঁজে রাখলে ভাঁজের দাগে কাপড় ফেটে যেতে পারে। তাই মাঝেমধ্যেই শাড়ির ভাঁজ বদলে দেওয়া উচিত। শাড়ি ভাঁজ করার সময় ভেতরের দিকে সুতি কাপড়ের আস্তরণ বা খবরের কাগজ দিয়ে রাখলে জরির কাজ ভালো থাকে। জরির কাজ ভেতরের দিকে রেখে শাড়ি উল্টো করে ভাঁজ করা সবচেয়ে নিরাপদ।
শাড়ি কাভারের ব্যবহার
অনেকগুলো শাড়ি একসঙ্গে গাদাগাদি করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না। দামি শাড়ি রাখার জন্য আলাদা সুতির কাপড়ের কাভার বা মসলিন ব্যাগ ব্যবহার করুন। প্লাস্টিকের কাভারে শাড়ি রাখলে বাতাস চলাচল করতে পারে না, ফলে আর্দ্রতার কারণে শাড়ি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।
আলমারির ভেতরের পরিবেশ
যে আলমারিতে শাড়ি রাখবেন, সেটি যেন স্যাঁতসেঁতে না হয়। আলমারির তাকে খবরের কাগজ বা বাটার পেপার বিছিয়ে তার ওপর শাড়ি রাখুন। আর্দ্রতা ও পোকামাকড় দূরে রাখতে ন্যাপথলিন বা শুকনো নিমপাতা কাপড়ে জড়িয়ে আলমারির কোণায় রেখে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, ন্যাপথলিন যেন সরাসরি শাড়ির সংস্পর্শে না আসে। উৎসব শেষে একটু বাড়তি যত্ন আর সঠিক উপায়ে গুছিয়ে রাখলে আপনার প্রিয় শাড়িটি থাকবে নতুনের মতো উজ্জ্বল।

জেনে রাখা ভালো
জামদানি শাড়ি ড্রাই ক্লিন করে সুতির কাপড়ে মুড়িয়ে আলমারিতে ফ্ল্যাট করে রাখা ভালো। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ির বুনন নষ্ট হয়ে যেতে পারে।
সিল্ক বা কাতান শাড়ি ড্রাই ক্লিন করে উল্টো করে ভাঁজ করে শাড়ির কাভারে রাখতে পারলে ভালো।
সুতি ও লিনেন শাড়ি মৃদু শ্যাম্পু দিয়ে ধুতে হবে। হালকা মাড় দিয়ে বাতাসে শুকিয়ে ইস্ত্রি করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।
শিফন ও জর্জেটের শাড়ি হালকা হাতে ধুয়ে ছায়ায় শুকিয়ে প্লাস্টিকের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। মেটালের হ্যাঙ্গারে রাখা যাবে না। এতে ছিঁড়ে যেতে পারে।
সূত্র: স্তুতি ওয়েভস










