Ajker Patrika

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে

ফিচার ডেস্ক  
আপডেট : ১৪ জুন ২০২৬, ১৯: ০৬
স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে
স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে। ছবি: পেক্সেলস

কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন কিন্তু নয়। ছোট ছোট অভ্যাস গড়ে তোলা আর কিছু বিষয় পরিবর্তন করার মধ্য দিয়ে আমরা সুস্থ থাকাসহ বাড়ির পরিবেশকেও ইতিবাচক করে তুলতে পারি।

প্লাস্টিকের ব্যবহার কমান

দৈনন্দিন জীবনের সঙ্গে প্লাস্টিক এমনভাবে যুক্ত হয়ে গেছে, তাতে পুরোপুরি প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করা থেকে বিরত থাকা হয়তো সম্ভব নয়। খাবাবের প্লেট-বাটি থেকে শুরু করে শিশুর খেলনা—সবই তৈরি হয় বিভিন্ন ধরনের প্লাস্টিকে। খেয়াল করে দেখুন তো, বাড়ির কোন প্লাস্টিকের উপকরণগুলোর অন্য বিকল্প রয়েছে।

যদি সেগুলোর স্টিল, তামা, পিতল, মাটি বা সিরামিকের কোনো বিকল্প থেকে থাকে, তাহলে সেগুলোই বেছে নিন। পাশাপাশি পলিব্যাগ, খাবারের প্যাকেট, স্ট্র, পানির বোতল ব্যবহার যতটা সম্ভব কম করুন। অতিথি এলে অনেকে ওয়ানটাইম প্লেট, বাটি, গ্লাস ব্যবহার করেন। এই অভ্যাস যতটা কমানো যায়, স্বাস্থ্যঝুঁকিও ততটাই এড়ানো সম্ভব।

ফল ও সবজির খোসা দিয়ে সার তৈরি করুন

বাড়িতে ছোট কম্পোস্ট বিন রাখতে পারেন। সেখানে প্রতিদিন ফল, সবজি ও ডিমের খোসা ফেলুন। ফেলতে পারেন ব্যবহৃত চা-পাতাও। এগুলো জমে কম্পোস্ট সার তৈরি হবে। এই সার বারান্দা ও ছাদবাগানের গাছে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক সার পেয়ে গাছও ভালো থাকবে, বর্জ্যও কম উৎপন্ন হবে, আবার সার কেনার টাকাও বাঁচবে।

স্থানীয় বাজার থেকে কেনাকাটা করুন

স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কিনলে পরিবহন খরচ কম হয়। ফলে জ্বালানি খরচ ও দূষণও কম হয়। তাই স্থানীয় বাজার থেকে মৌসুমি ফল ও সবজি কিনতে পারেন। মৌসুমি ফলমূল রোগবালাই থেকে শরীর সুরক্ষিত রাখে। কেনাকাটায়, নিজের পুনর্ব্যবহার উপযোগী ব্যাগ সঙ্গে রাখুন।

বিদ্যুৎ ব্যবহারে সচেতন হোন

বাড়িতে সাধারণ বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করুন। অপ্রয়োজনে বিদ্যুৎ অপচয় এবং প্রয়োজন শেষে বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখুন। এতে বিদ্যুৎ বিলও অনেক কমে আসবে।

পানি সাশ্রয় করুন

পানির অপচয় ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে। পানি কম খরচ হয় এমন শাওয়ার বা ট্যাপ ব্যবহার করুন। কাপড় ধোয়ার পর পানি ফেলে না দিয়ে তা গাছের গোড়ায় দিন। বৃষ্টির পানি জমিয়ে রেখেও কাপড় ধোয়া এবং বাগানে ব্যবহার করা যেতে পারে।

স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে। ছবি: পেক্সেলস
স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো থাকবে এই কয়েকটি অভ্যাসে। ছবি: পেক্সেলস

কাছেপিঠে যাতায়াতে

কাছাকাছি বাজারে বা কোনো কাজে গেলে চেষ্টা করুন হেঁটে যেতে। হাঁটলে শরীর ভালো থাকে, ওজন কমে ও স্ট্রেস হরমোন কমে। এ ছাড়া সাইকেল চালিয়েও যেতে পারেন। এটিও ভালো ব্যায়াম।

ছাদে গাছ লাগান

গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, পরিবেশ শীতল রাখে। তাই বাড়ির আঙিনা, ছাদ বা বারান্দায় গাছ লাগান। ছাদে গাছ লাগালে রোদের তাপ কিছুটা হলেও কম লাগে। পরিবেশ শীতল রাখতে গাছ লাগানোর বিকল্প নেই।

সূত্র:ফান্ড দি প্ল্যানেট ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত