Ajker Patrika

বদলে যাচ্ছে চাকরির বাজার: আপনি প্রস্তুত তো?

ক্যারিয়ার ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১: ১০
বদলে যাচ্ছে চাকরির বাজার: আপনি প্রস্তুত তো?

কয়েক বছর আগেও ক্যারিয়ারের সাফল্য বলতে মোটা বেতন, দ্রুত পদোন্নতি ও বড় পদকেই বুঝত সবাই। এখন সেই ধারণা বদলে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দ্রুত পরিবর্তিত চাকরির বাজার কর্মীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বর্তমান চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, দক্ষতাই সবচেয়ে বেশি মূল্য পাচ্ছে। তাই শেখার মানসিকতা, নতুন দক্ষতা এবং পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাওয়ানোর সক্ষমতাই হয়ে উঠছে ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু অভ্যাস ও দক্ষতা একজন কর্মীকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারে।

প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য হয়ে উঠুন শুধু দায়িত্ব পালন করাই যথেষ্ট নয়। এমনভাবে কাজ করুন, যাতে আপনার অবদান সহজেই চোখে পড়ে। নতুন কোনো সমস্যার সমাধান করা, সময় বাঁচানো, খরচ কমানো কিংবা কাজের মান বাড়ানোর মতো উদ্যোগ আপনাকে আলাদা পরিচিতি দেবে। তাই প্রতিষ্ঠানের জন্য আপনি কী মূল্য যোগ করছেন, সেটির দিকে নজর দিন।

নিজের কাজের রেকর্ড রাখুন

বছরের শেষে মূল্যায়নের সময় অনেকে নিজের অর্জন ঠিকভাবে তুলে ধরতে পারেন না। তাই গুরুত্বপূর্ণ প্রকল্প, নতুন দায়িত্ব, প্রশংসাপত্র, অর্জন এবং সাফল্যের ছোট একটি নথি নিয়মিত সংরক্ষণ করুন। প্রয়োজনে তথ্য ও উদাহরণ দিয়ে নিজের কাজ তুলে ধরুন।

নতুন কিছু শেখা থামাবেন না

বর্তমান চাকরির বাজারে দক্ষতার মূল্যই সবচেয়ে বেশি। বিশেষ করে এআই, ডেটা বিশ্লেষণ, ডিজিটাল টুল, যোগাযোগ, সমস্যা সমাধান এবং প্রকল্প ব্যবস্থাপনার মতো দক্ষতা নিয়মিত চর্চায় রাখুন। নতুন কিছু শেখার অভ্যাস আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত রাখবে।

এআইকে সহযোগী বানান

এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে একে সহযোগী বানান। শুধু এআইয়ের ওপর নির্ভর করলে মৌলিক চিন্তাশক্তি ও বিশ্লেষণী দক্ষতা দুর্বল হতে পারে। এআই দিয়ে খসড়া তৈরি করুন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, যাচাই ও সৃজনশীল কাজ নিজের বিচারবুদ্ধি ব্যবহার করুন।

যোগাযোগ দক্ষতা বাড়ান

ভালো কাজ করলেই হবে না, সেটি বোঝাতেও জানতে হবে। স্পষ্টভাবে কথা বলা, উপস্থাপনা করা এবং নিজের ভাবনা ব্যাখ্যা করার দক্ষতা এখন আগের চেয়ে অনেক বেশি কার্যকর। এআই অনেক কিছু করতে পারে, কিন্তু বিশ্বাস তৈরি করার ক্ষমতা এখনো মানুষের হাতেই।

বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তুলুন সহকর্মী, শিক্ষক, সাবেক কর্মকর্তা ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ ধরে রাখুন। চাকরি পরিবর্তনের প্রয়োজন হলে এই সম্পর্কগুলোই নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক অনেক সময় জীবনবৃত্তান্তের চেয়েও বেশি কার্যকর।

চাকরি বদলের আগে ভাবুন

শুধু বেশি বেতনের জন্য চাকরি বদল করা ঠিক নয়। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, নেতৃত্ব, কর্মপরিবেশ, শেখার সুযোগ, কর্মী ছাঁটাইয়ের ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করুন। কখনো কখনো সামান্য বেশি বেতনের চেয়ে স্থিতিশীল কর্মপরিবেশ অনেক বেশি মূল্যবান।

বাজারের চাহিদা বুঝুন

অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না। আবার অনেক চাকরিপ্রার্থীও চাকরি পাচ্ছেন না। তাহলে সমস্যা কোথায়? মূল ঘাটতি প্রয়োজনীয় দক্ষতায়। তাই চাকরির বাজারে কোন দক্ষতার চাহিদা বাড়ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করুন। সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন।

পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শিখুন একটি পদ বা একটি দক্ষতার ওপর নির্ভর করলে ঝুঁকি বাড়ে। নতুন দায়িত্ব নিতে শিখুন। ভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা অর্জন করুন। প্রয়োজন হলে নতুন খাতেও নিজেকে মানিয়ে নেওয়ার সাহস রাখুন। পরিবর্তনকে ভয় নয়, সুযোগ হিসেবে দেখুন।

দীর্ঘ মেয়াদে ভাবুন

অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সবচেয়ে বড় শক্তি হলো পরিকল্পনা। তাই জরুরি সঞ্চয় গড়ে তুলুন, নিয়মিত দক্ষতা বাড়ান, পেশাগত পরিচিতি বিস্তৃত করুন এবং সুযোগ থাকলে বিকল্প আয়ের পথও তৈরি করুন। ছোট ছোট প্রস্তুতিই বড় অনিশ্চয়তার সময়ে সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে।

যে কর্মী নিয়মিত নতুন দক্ষতা অর্জন করেন, নিজের কাজের মূল্য প্রমাণ করতে পারেন এবং প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগান,

অনিশ্চিত সময়েও তাঁর ক্যারিয়ার তুলনামূলকভাবে নিরাপদ থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত