দৈনন্দিন আর্থিক লেনদেনের পাশাপাশি নামাজের সময়সূচি জানা, কোরআন-হাদিস তিলাওয়াত ও মাসআলা পড়া কিংবা জাকাতের সঠিক হিসাব করা—এসব সুবিধা যদি একটি অ্যাপেই পাওয়া যায়, তবে ব্যবহারকারীর জীবন অনেকটাই সহজ হয়ে ওঠে। এই আধুনিক ভাবনাকে সামনে রেখে নতুন ইন্টারফেস ও সমৃদ্ধ ফিচারে সাজানো হয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাপ।
সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল আর্থিক লেনদেনের পাশাপাশি ধর্মীয় নানা প্রয়োজনীয় তথ্য ও সেবা একই প্ল্যাটফর্মে যুক্ত করে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সহজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
যা থাকছে নতুন ইন্টারফেসে
পুনর্গঠিত অ্যাপটি বিশ্লেষণ করে দেখা যায়, এর হোম স্ক্রিনে যুক্ত করা হয়েছে মনোরম সবুজ রঙের থিম ও সুবিন্যস্ত সার্ভিস ক্যাটাগরি। সেন্ড মানি, বিল পে ও মার্চেন্ট পেমেন্টের মতো প্রচলিত আর্থিক সেবার পাশাপাশি এতে যুক্ত রয়েছে টোল পরিশোধ, অনুদান, জাকাত প্রদান ও হজসংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশনা।
আর্থিক লেনদেনের বাইরেও দৈনন্দিন ধর্মীয় চাহিদার কথা বিবেচনায় রেখে এতে রয়েছে—‘ইবাদত প্রতিদিন’, নির্বাচিত হাদিস, নামাজের সময়সূচি, ডিজিটাল কোরআন তিলাওয়াত শোনার সুবিধা, ডিজিটাল জাকাত ক্যালকুলেটর ও হজ গাইড। পাশাপাশি অ্যাপটির মাধ্যমে সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান বা সদকাহ দেওয়া যাচ্ছে। ফলে আর্থিক লেনদেন ও ধর্মীয় ইবাদতের সুবিধা এখন হাতের মুঠোয়।
যা বলছে কর্তৃপক্ষ
নতুন অ্যাপের ডিজাইন ও ফিচার সম্পর্কে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ জানান, সাধারণ ‘নগদ’ অ্যাপের মতোই ‘নগদ ইসলামিক’-এ লেনদেনের উচ্চমান ও ব্যবহারের সহজলভ্যতা বজায় রাখা হয়েছে। তবে ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য ধর্মীয় সেবার পরিসর বাড়ানো হয়েছে। দৈনন্দিন মাসআলা, হাদিস, নামাজের সময়সূচি ও জাকাত ক্যালকুলেটরের মতো সুবিধাগুলো নতুন সংস্করণে আরও তথ্যসমৃদ্ধ করা হয়েছে।
যা বলছেন গ্রাহকেরা
শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার প্রসারে এই উদ্যোগ বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন গ্রাহকেরা। অনেকেই ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত আর্থিক সেবা ব্যবহারে অনাগ্রহ বোধ করেন; এ ধরনের উদ্যোগ তাঁদের বিকল্প ডিজিটাল সেবার আওতায় আনতে সাহায্য করবে। একই সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি জাকাত ও অনুদান দেওয়ার সুযোগ প্রক্রিয়াটিকে বেশ স্বচ্ছ ও সহজ করেছে।
অ্যাপটির অভিজ্ঞতা জানতে কথা হয় কয়েকজন গ্রাহকের সঙ্গে। মিরপুরের বেসরকারি চাকরিজীবী সালমান ইবনে রফিক বলেন, ‘আগে লেনদেনের জন্য একটি অ্যাপ আর ইসলামিক তথ্য জানার জন্য অন্য অ্যাপ ব্যবহার করতে হতো। নতুন নগদ ইসলামিক অ্যাপটি বেশ গোছানো। বিশেষ করে কাজের ফাঁকে নামাজের সময়সূচি, হাদিস ও জাকাত ক্যালকুলেটর এক জায়গায় পাওয়ার আমাদের মতো কর্মব্যস্ত মানুষের বেশ সুবিধা হয়েছে।’
বনশ্রীর বাসিন্দা ও গৃহিণী শাওমী কবির বলেন, ‘নতুন অ্যাপটির ডিজাইন বেশ আধুনিক ও চোখজুড়ানো। এর মাধ্যমে সহজেই সুদবিহীন লেনদেনের পাশাপাশি প্রয়োজনীয় মাসআলা ও দোয়া খুঁজে পাওয়া যায়, যা দৈনন্দিন জীবনে দারুণ কাজে দিচ্ছে।’
আর্থিক সেবার সঙ্গে ধর্মীয় ফিচারের এই নান্দনিক সমন্বয়ই ‘নগদ ইসলামিক’-এর নতুন সংস্করণের মূল আকর্ষণ। ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদা পূরণ ও কার্যকারিতার মাধ্যমেই প্ল্যাটফর্মটি প্রযুক্তিনির্ভর ইসলামি জীবনযাত্রায় আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










