
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে হাতে পেতে আইনি লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের উচ্চ আদালত গতকাল শুক্রবার এক রায়ে বলেছেন, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে। এ রায়কে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জের লড়াইয়ে বড় ধরনের ধাক্কা বলা হচ্ছে। যদিও তাঁর বাগ্দত্তা রায়ের পরপরই ইঙ্গিত দিয়েছেন, তাঁরা আপিল করবেন।
এর আগে গত জানুয়ারিতে
যুক্তরাজ্যের নিম্ন আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আবেদন খারিজ করে দেন। সে সময় বিচারক বলেছিলেন, উইকিলিকস প্রতিষ্ঠাতাকে প্রত্যর্পণ করা হলে তাঁর সঙ্গে কঠোর আচরণ করা হতে পারে। এরপর যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ যুক্তরাজ্যের উচ্চ আদালতে আপিল করে।
২০১০ সালে লাখো মার্কিন কূটনৈতিক তারবার্তা এবং আফগানিস্তান ও ইরাক যুদ্ধ-সম্পর্কিত সামরিক গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে উইকিলিকস। অ্যাসাঞ্জের দাবি, ওই সব নথি মার্কিন সামরিক বাহিনীর নানা অপকর্মের তথ্য ফাঁস করেছে। তবে মার্কিন কর্তৃপক্ষের দাবি, গোপন নথি ফাঁস করে অ্যাসাঞ্জ অনেক মানুষের জীবন হুমকিতে ফেলেছেন।
নথি ফাঁসের কিছুদিন পর সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। ওই মামলায় বিচারের জন্য যুক্তরাজ্য সরকার তাঁকে সুইডেনের কাছে হস্তান্তর করতে চেয়েছিল। পরে অবশ্য ওই মামলা খারিজ হয়েছে। এদিকে নথি ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা হয়। যুক্তরাজ্যে জামিন পেয়ে ২০১২ সালে অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। সেখান থেকে ২০১৯ সালের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের পুলিশ। এরপর যুক্তরাজ্যের আদালত জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ওই বছরের মে মাসে অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকালের রায়ে যুক্তরাজ্যের উচ্চ আদালতের জ্যেষ্ঠ বিচারকেরা বলেন, অ্যাসাঞ্জের ওপর মানসিক নিপীড়নের কথা চিন্তা করে গত জানুয়ারিতে নিম্ন আদালতের বিচারক প্রত্যর্পণের বিপক্ষে রায় দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে যে তারা অ্যাসাঞ্জের সঙ্গে ততক্ষণ পর্যন্ত কোনো কঠোর আচরণ করবে না, যতক্ষণ পর্যন্ত না তিনি ওই ধরনের আচরণের উপযুক্ত কোনো কর্মকাণ্ড না করবেন।
রায় ঘোষণার সময় উচ্চ আদালতের লর্ড চিফ জাস্টিস লর্ড বার্নেট বলেন, ‘আমরা আশ্বস্ত হয়েছি যে এ ধরনের নিশ্চয়তা যদি (নিম্ন আদালত) বিচারককে দেওয়া হতো, তাহলে তাঁর রায়ও ভিন্ন কিছু হতো।’ রায়ে উচ্চ আদালতের বিচারকেরা বলেছেন, মামলাটি আবারও ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাতে হবে, যাতে নিম্ন আদালত রায়টি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পাঠাতে পারেন।
যুক্তরাষ্ট্র ব্রিটিশ আদালতকে অ্যাসাঞ্জের ব্যাপারে চারটি নিশ্চয়তা দিয়েছে বলে জানা গেছে। এগুলো হলো প্রত্যর্পণের পর বিচার প্রক্রিয়া শুরুর আগে বা পরে তাঁকে একা কারান্তরীণ করা হবে না কিংবা তাঁকে কলোরাডোয় সর্বোচ্চ নিরাপত্তাসংবলিত কারাগার এডিএক্স ফ্লোরেন্স সুপারম্যাক্স জেলে রাখা হবে না। যুক্তরাষ্ট্রের আইনজীবীরা আদালতকে আরও বলেছেন, মার্কিন আদালত অ্যাসাঞ্জকে যে মেয়াদের কারাদণ্ডই দিন না কেন, তা তিনি ভোগ করবেন নিজ দেশ অস্ট্রেলিয়ার কারাগারে।
মার্কিন আইন অনুসারে যুক্তরাষ্ট্রে দায়ের মামলায় দোষী সাব্যস্ত হলে অ্যাসাঞ্জের ১৭৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে মার্কিন সরকার বলেছে, অ্যাসাঞ্জের কারাদণ্ড চার থেকে ছয় বছর মেয়াদের মধ্যে হবে।
অ্যাসাঞ্জের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা যুক্তরাষ্ট্রের এসব নিশ্চয়তাকে ‘অর্থহীন’ ও ‘অস্পষ্ট’ বলে অভিহিত করেছেন। আর অ্যাসাঞ্জের বাগ্দত্তা স্টেলা মরিস এ রায়কে ‘বিপজ্জনক ও ভুল’ বলে মন্তব্য করেছেন। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আড়াই বছর ধরে জুলিয়ান বেলমার্শ কারাগারে রয়েছেন। কিন্তু তিনি ২০১০ সালের ৭ ডিসেম্বর থেকে ১১ বছর ধরেই বন্দিজীবন কাটাচ্ছেন। এভাবে আর কত দিন চলতে পারে?’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের উচ্চ আদালতের রায়কে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে কূটনৈতিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো হবে না।
২০ মিনিট আগে
হরমুজ প্রণালি পার হলো মাল্টার পতাকাবাহী প্রমোদতরি ‘সেলেস্টিয়াল ডিসকভারি’। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো যাত্রীবাহী জাহাজ (ক্রুজ লাইনার) বিশ্বের অন্যতম স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করতে সক্ষম হলো।
৩৩ মিনিট আগে
অবশেষে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি পরিবহনের বাধা কাটল। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা পাকিস্তানে শুরু হবে চলতি সপ্তাহেই।
৭ ঘণ্টা আগে
পশ্চিমা বিশ্বের কিছু তরুণ পুরুষের মধ্যে বিদেশে গিয়ে ‘ঐতিহ্যবাহী’ স্ত্রী খোঁজার প্রবণতা বাড়ছে। বিষয়টি ‘পাসপোর্ট ব্রো’ নামে পরিচিত একটি নতুন সামাজিক প্রবণতা হিসেবে আলোচনায় এসেছে। আধুনিক ডেটিং নিয়ে হতাশা থেকে অনেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।
১১ ঘণ্টা আগে