
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা দিয়েছেন, আগামী ২০ বছরের মধ্যে তিনি তাঁর প্রায় ২০০ বিলিয়ন ডলারের সম্পদের বেশির ভাগই ব্যয় করবেন আফ্রিকায় স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে।
৬৯ বছর বয়সী গেটস ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক বক্তব্যে বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানব সম্ভাবনা মুক্ত করলেই আফ্রিকার প্রতিটি দেশ উন্নতির পথে এগোতে পারবে।’ একই সঙ্গে তিনি আফ্রিকার তরুণ উদ্ভাবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার আহ্বান জানান।
সম্প্রতি গেটস ঘোষণা দিয়েছেন, ২০৪৫ সালের মধ্যে তিনি তাঁর ৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন এবং তাঁর পরিচালিত গেটস ফাউন্ডেশন ওই সময়ের মধ্যে কাজ বন্ধ করবে। তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছি, আগামী ২০ বছরের মধ্যে আমার সম্পদ বিলিয়ে দেব। এর বেশির ভাগ ব্যয় হবে আফ্রিকার সমস্যা মোকাবিলায়।’
বিল গেটসের এই ঘোষণাকে ‘সংকটময় সময়ে আশাজাগানিয়া এক বার্তা’ হিসেবে উল্লেখ করেন মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাশেল। তিনি বলেন, ‘আমরা আশা করি, গেটস আমাদের পাশে থেকেই এই রূপান্তরের পথে এগিয়ে যাবেন।’
যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় আফ্রিকায় সহায়তা কমিয়ে আনা হয়েছে। এর ফলে এইচআইভি/এইডস চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হুমকির মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে গেটস বলেন, তাঁর ফাউন্ডেশন আফ্রিকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেবে। তিনি বলেন, ‘আমরা দেখেছি, গর্ভধারণের আগে এবং গর্ভের সময় মা যদি সঠিক পুষ্টি পান, তাহলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।’ তিনি জানান, শিশুর প্রথম চার বছরেও পুষ্টির সঠিক সরবরাহ জীবনভর প্রভাব ফেলে।
গেটস মনে করেন, আফ্রিকায় মোবাইল ফোন যেমন ব্যাংকিং খাতকে বদলে দিয়েছে, তেমনি এআই ব্যবহার করে পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যব্যবস্থা তৈরি করা সম্ভব। রুয়ান্ডার উদাহরণ টেনে তিনি জানান, দেশটি এআই-চালিত আলট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করছে।
বিল গেটসের গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তাদের তিনটি প্রধান লক্ষ্য হলো—মা ও শিশুর অকালমৃত্যু রোধ, ভবিষ্যৎ প্রজন্মকে প্রাণঘাতী সংক্রামক রোগ থেকে রক্ষা করা এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা।
এক ব্লগপোস্টে বিল গেটস লিখেছেন, ‘মানুষ আমার সম্পর্কে অনেক কিছু বলবে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই—সে ধনী অবস্থায় মারা গেল—এই কথা যেন কেউ বলতে না পারে।’ তবে ব্লুমবার্গ বলছে, ৯৯ শতাংশ দান করলেও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তিনি তবু বিলিয়নিয়ারই থাকবেন।
১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠার পর গেটস ধীরে ধীরে প্রযুক্তি জগতের শীর্ষে ওঠেন। ২০০০ সালে তিনি সংস্থাটির প্রধান নির্বাহীর পদ ছাড়েন এবং ২০১৪ সালে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান।
তিনি জানান, ওয়ারেন বাফেটসহ অন্যান্য দানশীল ব্যক্তিকে দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৮ মিনিট আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৩২ মিনিট আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
১ ঘণ্টা আগে