Ajker Patrika

অবরুদ্ধ বাড়িতে মার্কিন পতাকা টাঙালেন এক ফিলিস্তিনি-আমেরিকান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৭: ৫৯
অবরুদ্ধ বাড়িতে মার্কিন পতাকা টাঙালেন এক ফিলিস্তিনি-আমেরিকান
বাড়িতে মার্কিন পতাকা টাঙিয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান লুই রিদি। ছবি: সংগৃহীত

পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে থাকা নিজের বাড়ির ওপর বিশাল মার্কিন পতাকা উড়িয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই রিদি। পতাকাটি হয়তো তাঁর বাড়িতে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশ ঠেকাতে কিছুটা হলেও প্রতিরোধ তৈরি করবে—এমন ভাবনা থেকেই পতাকা ওড়ান রিদি। তবে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী তাঁর জমিতে ঢুকে পড়লে উত্তেজনাপূর্ণ মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে গত সোমবার (১৭ আগস্ট) রাতে কুসরায় ফেরেন রিদি। তাঁর আশঙ্কা, বসতি স্থাপনকারীরা শেষ পর্যন্ত তাঁর সম্পত্তি দখল করে নিতে পারে। এক সপ্তাহের বেশি সময় ধরে গ্রামের তিনটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখেছে তারা। এই ঘটনায় যুক্তরাষ্ট্রও উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

গতকাল সকালে নিজের চেরি ও ডুমুরগাছের বাগানে হাঁটার সময় পাহাড়ের ওপর থেকে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী রিদির দিকে এগিয়ে আসেন। রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা যায়, লোকটির এক হাতে একটি তোরাহ ও অন্য হাতে মোবাইল ফোন। তিনি রিদির উদ্দেশে হিব্রু ভাষায় বলেন, ‘গোলমাল করতে এসেছেন?’

জবাবে রিদি বলেন, ‘আপনি একজন সন্ত্রাসী বসতি স্থাপনকারী।’

কিছুক্ষণ পর একটি ইসরায়েলি সামরিক যান সেখানে আসে। ইসরায়েলি সেনারা রিদির সঙ্গে তর্কে জড়ানো ওই বসতি স্থাপনকারীকে জানায়, এলাকাটি সামরিকভাবে নিয়ন্ত্রিত ও প্রবেশ নিষিদ্ধ। এ সময় বসতি স্থাপনকারী ব্যক্তি সেনাদের বলেন, অন্য বসতি স্থাপনকারীরা চলে গেলে তিনিও চলে যাবেন।

পরে সেনাদের একজন রিদিকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেন। রিদি অবশ্য দাবি করেন, ওই বসতি স্থাপনকারীর সেখানে উপস্থিতি অবৈধ এবং তাঁকে গ্রেপ্তার করা উচিত।

বসতি স্থাপনকারীদের অবরোধের কারণে কুসরার কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। রিদি যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানোর কারণ ব্যাখ্যা করে জানান, কোনোভাবে তিনি বাড়িটি রক্ষা করতে না পারলে বসতি স্থাপনকারীরা সেখানে নিজেদের পতাকা তুলতে পারে। তার আগে তাদের মার্কিন পতাকা সরাতে হবে—এটাই তাঁর বার্তা।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা সাম্প্রতিক সময়ে বেড়েছে। অধিকারকর্মীদের অভিযোগ, ফিলিস্তিনিদের জমি দখল করে বসতি সম্প্রসারণের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এসব ঘটনা ঘটছে।

রিদির প্রতিবেশী ইব্রাহিম হাসান রয়টার্সকে জানান, গত মাসে বসতি স্থাপনকারীরা সামরিক পোশাক পরা ব্যক্তিদের সঙ্গে নিয়ে তাঁর বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে তাঁকে মারধর করে। পরে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন।

পশ্চিম তীরে বসবাসকারী অনেক ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নিরাপত্তার জন্য বাড়িতে মার্কিন পতাকা ওড়ান। স্থানীয় ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান সম্প্রদায়ের মুখপাত্র ইয়াসের আলকাম বলেন, পতাকাটি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনা—উভয়ের বিরুদ্ধেই একধরনের প্রতিরোধের বার্তা দেয়।

এদিকে কুসরায় অবরোধের ঘটনায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘ইসরায়েলি সন্ত্রাসী’ বলে নিন্দা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের প্রকাশ্য নিন্দা জানাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ দিচ্ছে হোয়াইট হাউস। তবে এ বিষয়ে নেতানিয়াহু এখনো কোনো মন্তব্য করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত