
গাজায় থেকে যাওয়া সর্বশেষ ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধারের অভিযান শেষ হওয়ার পর মিসরের সঙ্গে রাফাহ ক্রসিংয়ের একটি ‘সীমিত পুনঃ উদ্বোধন’ করার অনুমতি দেবে ইসরায়েল। তবে এই সীমান্ত খোলা হবে শুধু ‘একমুখী’ চলাচলের শর্তে, যা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল রোববার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। এমন একসময়ে এ ঘোষণা এল যখন গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার ঘটনায় শোক পালন করছেন ফিলিস্তিনিরা।
নেতানিয়াহুর কার্যালয় স্পষ্ট জানিয়েছে, রাফাহ সীমান্ত পুনরায় চালুর বিষয়টি মূলত হামাসের পক্ষ থেকে ‘শতভাগ প্রচেষ্টার’ ওপর নির্ভরশীল। ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গভিলির মরদেহ খুঁজে বের করে ফেরত না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া কার্যকর হবে না। গত অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক ধাপেই এই সীমান্ত খোলার কথা ছিল। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখাসংলগ্ন একটি কবরস্থানে গভিলির মরদেহের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
অন্যদিকে, হামাস দাবি করেছে তারা ইতিমধ্যে ‘সম্পূর্ণ স্বচ্ছতার’ সঙ্গে রান জি গভিলির মরদেহের অবস্থান ইসরায়েলকে জানিয়ে দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা চুক্তি অনুযায়ী আমাদের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করেছি। এই বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো আগ্রহ আমাদের নেই।’ তিনি উল্টো ইসরায়েলকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা করেন।
২০২৪ সাল থেকেই রাফাহ ক্রসিংয়ের গাজা অংশটি ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সীমান্তটি ‘উভয় দিকে’ খুলে দেওয়ার কথা থাকলেও নেতানিয়াহু জানিয়েছেন, এটি শুধু ‘পথচারী চলাচলের’ জন্য এবং ‘ইসরায়েলি পরিদর্শন ব্যবস্থার’ অধীনে সীমিতভাবে খোলা হবে।
বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইসরায়েলের এই ‘সীমিত’ প্রবেশাধিকারের আসল উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের গাজা থেকে স্থায়ীভাবে বিতাড়িত করা। ‘দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি’ বইয়ের লেখক অ্যান্থনি লোওয়েনস্টাইন আল জাজিরাকে বলেন, ‘ইসরায়েল চাইছে ফিলিস্তিনিরা চলে যাক, কিন্তু তারা যেন আর ফিরে আসতে না পারে। মিসরে হাজার হাজার ফিলিস্তিনি গত দুই বছর ধরে আটকা পড়ে আছে, যারা নিজ দেশে ফিরতে চায়। কিন্তু ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকলে তাদের ফেরা অসম্ভব হয়ে পড়বে।’
ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজায় একটি ‘টেকনোক্র্যাট ফিলিস্তিনি কমিটি’ এবং ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ গঠনের কথা বলা হয়েছে। যদিও হামাস স্পষ্ট জানিয়েছে, দখলদারিত্ব চলাকালীন তারা অস্ত্র সমর্পণ করবে না।
এদিকে শান্তি আলোচনার মধ্যেই গতকাল গাজা সিটির তুফাহ এবং দক্ষিণ খান ইউনিসে পৃথক হামলায় আরও তিনজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকেই গাজায় ৪৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে গত দুই বছরের যুদ্ধে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৫৭ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ছাড়িয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
৫ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
৭ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৮ ঘণ্টা আগে