Ajker Patrika

অক্টোবরের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বানচাল করেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
অক্টোবরের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বানচাল করেন ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি অক্টোবরের শুরুর দিকে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে সংঘাত শুরু করার বিরোধিতা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা ঠেকিয়ে দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বলেছেন, গত ১০ অক্টোবর ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রস্তুত ছিল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনা, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামো নির্ধারণ করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, তবে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে সংঘাত নতুন করে শুরু না করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। সূত্রগুলোর ভাষ্য, হামলার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার চেয়েও অনেক বেশি তীব্র হতো।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পিত হামলায় যুক্তরাষ্ট্রও অংশ নিত কি না, তা স্পষ্ট নয়। তবে একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার সম্ভাবনাকে একেবারে অযৌক্তিক বলা যায় না। অপর এক সূত্র জানিয়েছে, ইসরায়েল নতুন করে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করেছে। এই তালিকায় এমন কিছু বেসামরিক অবকাঠামোও রয়েছে, যেগুলোতে এর আগে কখনো হামলা চালানো হয়নি।

অন্য একটি সূত্রের মতে, চলতি মাসের শুরুর দিকে আইডিএফের হামলার পরিকল্পনাটি আলোচনায় ইসরায়েলের দর-কষাকষির কৌশলের অংশও হয়ে থাকতে পারে। ওই সূত্র আরও উল্লেখ করেছে, নতুন করে সংঘাত শুরু করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্রাম্পের হাতেই ছিল।

প্রতিবেদনটি প্রকাশিত হলো এমন এক সময়ে, যখন এর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করেন বলে খবর প্রকাশিত হয়। ওই সফরে তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ‘অঞ্চলের হুমকিগুলো’ নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে নেতানিয়াহুর ইরানে হামলা চালানোর উদ্যোগ নেওয়ার খবর এই প্রথম প্রকাশিত হলো, এমন নয়। এর আগেও একাধিকবার এ ধরনের খবর সামনে এসেছে।

গত ৯ অক্টোবর ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না। এর কয়েক দিন আগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তাঁর মার্কিন সমকক্ষদের জানিয়েছিলেন, ইরানে এ ধরনের হামলা চালানো হলে ইসরায়েলের নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ইসরায়েলে আগামী সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে, জেরুজালেমের মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরানও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের দিকে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। গত সপ্তাহে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছিল, নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার জন্য চাপ দিয়েছিলেন। নেতানিয়াহুর চাওয়া ছিল, ইসরায়েলের ২৭ অক্টোবরের নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই যেন এই সংঘাত নতুন করে শুরু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত