প্রেমিকা নিয়ে প্রশ্নে রাহুল গান্ধী বললেন, ‘তিনি এখন বন্ধু’

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল স্মৃতিচারণ করেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় শহরের একটি রেস্তোরাঁয় যাওয়ার গল্প শোনাতে গিয়ে তিনি তাঁর এক প্রেমিকার কথা উল্লেখ করেন। বাবা-মায়ের স্মৃতি বিজড়িত ওই রেস্তোরাঁয় তিনি সেই প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন। মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন রাহুল।
রাহুল গান্ধী জানান, ক্যামব্রিজের ভার্সিটি রেস্তোরাঁয় (Varsity Restaurant) যাওয়ার বিশেষ আগ্রহ ছিল তাঁর। কারণ, এই রেস্তোরাঁতেই ছাত্রজীবনে তাঁর বাবা ভারতের রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর প্রথম দেখা হয়েছিল।
স্মৃতিচারণ করতে গিয়ে রাহুল বলেন, ‘আমার বাবা-মাকে ঘিরে নানা গল্প প্রচলিত ছিল। এর মধ্যে অন্যতম ছিল এই রেস্তোরাঁয় তাঁদের প্রথম দেখা হওয়ার ঘটনা। অনেক বছর পর আমি যখন ক্যামব্রিজে ছিলাম, তখন আমার প্রেমিকাকে বলেছিলাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই। আমি দেখতে চেয়েছিলাম, কোথায় আমার বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল।’
রেস্তোরাঁয় গিয়ে খাবারের তালিকা হাতে পাওয়ার পর এক কর্মীকে নিজের বাবা-মায়ের পরিচয় দেন রাহুল। তাঁর ভাষ্য, ওই কর্মী সঙ্গে সঙ্গে তাঁদের চিনতে পারেন। রাহুল বলেন, ‘আমি বললাম, আমার বাবা-মায়ের এই রেস্তোরাঁয় প্রথম দেখা হয়েছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ওহ, তাঁদের আমি চিনি। আমি জানতে চাইলাম, তাঁদের সম্পর্কে কী জানেন? তিনি বললেন, ওই দুজনের কথা বলছেন? হ্যাঁ, আমি ঠিক জানি আপনি কাদের কথা বলছেন।’
অনুষ্ঠানে রাহুলের এই স্মৃতিচারণের পর তাঁর সাবেক প্রেমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সংক্ষেপে বলেন, ‘তিনি এখন আমার বন্ধু।’
অনুষ্ঠানে মায়ের অসুস্থতা ও সাহসিকতা নিয়েও কথা বলেন রাহুল। তিনি জানান, সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথায় নিজের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের বিষয়টি কিছুটা আড়াল করেছেন। বাস্তবে তিনি চারবার ক্যানসার থেকে সুস্থ হয়েছেন।
রাহুল বলেন, ‘বইটিতে আপনারা আমার মাকে দেখছেন বাবা মারা যাওয়ার আগের সময়ের। তিনি বইয়ে নিজেকে দুই বা তিনবার ক্যানসারজয়ী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিনি চারবার ক্যানসার থেকে বেঁচে ফিরেছেন। তিনি সবকিছুই ছোট করে দেখান। জীবনে একবারও তাঁকে ভয় পেতে দেখিনি। কখনো পিছিয়ে আসতেও দেখিনি।’
বাবা-মায়ের প্রতি সোনিয়ার ভালোবাসার কথা উল্লেখ করে রাহুল বলেন, তাঁর বাবা বেঁচে থাকলে সোনিয়া গান্ধীকে নিয়ে অত্যন্ত গর্বিত হতেন।
অনুষ্ঠানে সোনিয়া গান্ধীও রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর পরিবারের কঠিন সময়ের কথা তুলে ধরেন। ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হওয়ার কয়েক মাস পর রাহুলকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাতে হয়। নিরাপত্তাজনিত কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে অন্য একটি মার্কিন কলেজে স্থানান্তর করা হয়েছিল।
সোনিয়া জানান, হার্ভার্ড কর্তৃপক্ষ ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তাব্যবস্থার অনুমতি দিতে রাজি হয়নি। কারণ, এতে অন্য শিক্ষার্থীদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারত। পরে দুই দেশের নিরাপত্তা সংস্থার সমন্বয়ে রাহুলকে এমন একটি কলেজে ভর্তি করা হয়, যেখানে অধিকাংশ শিক্ষার্থী ছিলেন মার্কিন নাগরিক। সেখানে তাঁকে ভিন্ন নামে পরিচয় দিতে হয়েছিল। ফলে নিজের পরিবার সম্পর্কে বন্ধুদের সঙ্গে কথা বলা কিংবা স্বাভাবিকভাবে মেলামেশা করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। অনুষ্ঠানে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও উপস্থিত ছিলেন।









