Ajker Patrika

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১: ৪৫
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
বিজেপি নেতা মদন রাঠোর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পক্ষে দাঁড়াবে—রাজস্থান রাজ্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি মদন রাঠোরের এমন এক মন্তব্যে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ) এই মন্তব্যের তীব্র সমালোচনা করে তাঁকে ‘দেশবিরোধী’ ও ‘জাতীয় স্বার্থবিরোধী’ বলে আখ্যা দিয়েছে।

জয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মদন রাঠোর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের সবাইকে এটি বুঝতে হবে। যখন ভারতের বিষয় আসে...আজ যদি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তবে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব, কারণ সে আমাদের প্রতিবেশী। তবে বিতর্ক যদি আমাদের নিজেদের মধ্যে হয়, তবে আমরা আমাদের ভারতের পাশে দাঁড়াব।’

এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা ফের সামনে এসেছে, যারা আমাদের সৈনিক ও সাধারণ মানুষদের হত্যা করে। রাজস্থান বিজেপি সভাপতি বলছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পাশে আছেন। এই দেশবিরোধী নেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আমরা জানতে চাই।’

অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) বিতর্কিত বক্তব্যটির ভিডিও অংশ শেয়ার করে কেন্দ্র সরকারকে নিশানা করেছে। আপ-এর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, ‘জনগণ প্রশ্ন তুললেই তাদের পাকিস্তানি বলা হয়, তরুণেরা আওয়াজ তুললে তাদের জঙ্গি বলা হয়। কিন্তু বিজেপির নেতা যখন পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলেন, তখন মোদীজির জাতীয়তাবাদ কোথায় হারিয়ে যায়?’

বিতর্ক জোরালো হওয়ার পর বিজেপি নেতা মদন রাঠোর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে ‘বিকৃত’ করা হয়েছে এবং ভুল প্রসঙ্গে উপস্থাপন করা হয়েছে।

তিনি জানান, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ এবং দেশপ্রেমের প্রসঙ্গ টানতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছিলেন।

রাঠোর বলেন, ‘আমার বক্তব্যের শেষ দুটি লাইন কেটে বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। আমি স্পষ্ট বলেছিলাম, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভারত হেরে গেলে যারা বাজি ফাটায়, তারা দেশপ্রেমিক নয়। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সমীকরণের বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে বলা হয়েছিল।’

রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে এই ভিডিও ক্লিপ প্রচার করছে বলেও দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা