
পর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জার্মান ক্রীড়াবিদ লাউরা ডালমেয়ার। সোমবার কারাকোরাম পর্বতমালার লায়লা পিক পর্বত আরোহণের সময় তিনি পাথরধসে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে তাঁর ব্যবস্থাপনা সংস্থা ও জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থা।
মঙ্গলবার ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ডালমেয়ারের টিম জানায়, স্থানীয় সময় দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তাঁর সঙ্গে থাকা পর্বতারোহী মারিনা ইভা সংকেত পাঠানোর পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। তবে খারাপ আবহাওয়ার কারণে সোমবার সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধারকাজে অংশ নিতে পারেনি বলে জানিয়েছে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের সরকারি মুখপাত্র ফাইযুল্লাহ ফারাক।
পরদিন মঙ্গলবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং ডালমেয়ারের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। তবে ওই দুর্গম অঞ্চলের কারণে দ্রুত উদ্ধার সম্ভব হয়নি।
আজ বুধবার (৩০ জুলাই) ডালমেয়ারের ব্যবস্থাপনা টিম এক বিবৃতিতে জানিয়েছে, জীবনের শেষ সময়ে ডালমেয়ার অনুরোধ করেছিলেন, যেন তাঁর প্রাণ বাঁচাতে বা দেহ উদ্ধার করতে গিয়ে কেউ জীবন ঝুঁকিতে না ফেলেন। তাঁর পরিবার স্থানীয় উদ্ধারকর্মী ও পাহাড়ি বাসিন্দাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট থমাস ওয়েইকার্ট বলেছেন, ‘ডালমেয়ারের আকস্মিক মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তিনি ক্রীড়াঙ্গনে এবং ক্রীড়ার বাইরেও ছিলেন বহু মানুষের অনুপ্রেরণা। সব সময় তিনি স্বপ্নপূরণের লক্ষ্যে অটল ছিলেন।’
২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে ইতিহাস গড়েন ডালমেয়ার। তিনি প্রথম নারী বায়াথলেট হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট বিভাগে স্বর্ণপদক জয় করেন। এর আগের বছর একক বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড পাঁচটি স্বর্ণপদক জয় করেন তিনি। ২০১৯ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি পেশাদার ক্রীড়া জীবন থেকে অবসর নেন।
মৃত্যুর খবর জানিয়ে তাঁর ব্যবস্থাপনা সংস্থা লিখেছে, ‘উষ্ণ হৃদয় ও সরলতায় ভরা এক মানুষ ছিলেন ডালমেয়ার। তিনি আমাদের এবং বহু মানুষের জীবনে আনন্দ ও শক্তি এনেছেন। তাঁর স্মৃতি আমাদের প্রেরণা হয়ে থাকবে।’
ডালমেয়ারের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট থমাস ওয়েইকার্ট বলেন, ‘লাউরার কাহিনি শুধু পদক দিয়ে নয়, তাঁর প্রকৃতিপ্রেম, ক্রীড়ার প্রতি দায়বদ্ধতা ও সমাজসেবামূলক মনোভাব দিয়েও স্মরণীয় হয়ে থাকবে। তিনি আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। আমরা তাঁকে গভীরভাবে মিস করব।’

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
৫ ঘণ্টা আগে