Ajker Patrika

শিল্পীদের মাসিক ভাতা দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, শিল্পের জন্য কতটা উপকারী

আজকের পত্রিকা ডেস্ক­
শিল্পীদের মাসিক ভাতা দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, শিল্পের জন্য কতটা উপকারী
লটারির ভিত্তিতে কয়েক হাজার শিল্পীকে মাসিক ভাতা দিচ্ছে আইরিশ সরকার। ছবি: সংগৃহীত

শিল্প ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করতে এবং শিল্পীদের আর্থিক অনিশ্চয়তা দূর করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আয়ারল্যান্ড সরকার। বিশ্বের প্রথম দেশ হিসেবে সংস্থাটি শিল্পীদের জন্য স্থায়ী ‘মৌলিক ভাতা’ চালুর ঘোষণা দিয়েছে।

‘বেসিক ইনকাম ফর দ্য আর্টস’ (বিআইএ) নামক এই কর্মসূচির আওতায় যোগ্য শিল্পীরা সপ্তাহে ৩২৫ ইউরো (প্রায় ৩৫০ মার্কিন ডলার) করে আর্থিক সহায়তা পাবেন। নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতি তিন বছর মেয়াদি চক্রে আয়ারল্যান্ডের দুই হাজার শিল্পী এই সুবিধার আওতায় আসবেন।

সম্প্রতি রাজধানী ডাবলিনে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আয়ারল্যান্ডের সংস্কৃতি মন্ত্রী প্যাট্রিক ও’ডোনোভান বলেন, ‘রাষ্ট্রের ইতিহাসে এই প্রথম আমরা একটি স্থায়ী মৌলিক আয় কাঠামো তৈরি করেছি, যা আয়ারল্যান্ডকে সংস্কৃতি ও সৃজনশীলতার মূল্যায়নে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা করে তুলবে। এটি একটি বিশাল অগ্রগতি।’

পাইলট প্রকল্পের অভাবনীয় সাফল্য

২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি একটি পরীক্ষামূলক পাইলট প্রকল্পের সাফল্যের পর এই স্থায়ী নীতি গ্রহণ করা হলো। করোনা মহামারি চলাকালীন শিল্পীদের আর্থিক সংকট কাটাতে প্রথমে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় ৮ হাজার আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে ২ হাজার শিল্পীকে বাছাই করা হয়।

সরকার নিয়োজিত গবেষণা প্রতিষ্ঠান ‘আলমা ইকোনমিকস’-এর সমীক্ষা অনুযায়ী, এই প্রকল্পে বিনিয়োগ করা প্রতি ১ ইউরোর বিপরীতে সমাজ ও অর্থনীতিতে ১ দশমিক ৩৯ ইউরো সমপরিমাণ সুফল ফিরে এসেছে। মোট ৭২ মিলিয়ন ইউরোর এই পাইলট প্রকল্প থেকে দেশের অর্থনীতিতে প্রায় ৮০ মিলিয়ন ইউরোর সমপরিমাণ ইতিবাচক অবদান যুক্ত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, এই ভাতা চালুর ফলে সৃজনশীলতা বেড়েছে। আর্থিক দুশ্চিন্তা কমায় শিল্পীরা সপ্তাহে গড়ে চার ঘণ্টা বেশি সময় শিল্পচর্চায় দিতে পেরেছেন। জীবিকার তাগিদে অন্য অপ্রাসঙ্গিক চাকরি করার বাধ্যবাধকতা কমায় শিল্পীদের মানসিক চাপ ও উদ্বেগ উল্লেখযোগ্যভাবে কমেছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে চাপ কমেছে। বেকারত্ব ভাতা বা অন্যান্য সরকারি সহায়তার ওপর শিল্পীদের নির্ভরতা কমেছে।

মেনুথ ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানী জেনি ড্যাগ জানান, এই ভাতা একক জীবনযাত্রার জন্য যথেষ্ট না হলেও এটি শিল্পীদের মৌলিক সুরক্ষা দিয়েছে এবং তাঁদের উন্নতমানের শিল্প সরঞ্জাম কেনার সুযোগ করে দিয়েছে।

যেভাবে কাজ করবে এই প্রকল্প

চলতি বছর থেকে চালু হওয়া নতুন স্থায়ী ভাতার জন্য প্রথম ধাপে ১৮ দশমিক ২৭ মিলিয়ন ইউরো বাজেট নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মে মাস থেকে আবেদন গ্রহণ শুরু হয়। গত সেপ্টেম্বর থেকে তিন বছর মেয়াদি ভাতা দেওয়া শুরু হয়েছে, যা চলবে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

কোনো শিল্পী প্রতি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ তিন বছর এই ভাতা পাবেন। অর্থাৎ, প্রথম চক্রে নির্বাচিতদের পরবর্তী চক্রে বিরতি দিয়ে আবার আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

বিশ্বজুড়ে মৌলিক আয়ের রূপরেখা

আয়ারল্যান্ডের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো এবং ইউরোপের কয়েকটি স্থানে শিল্পীদের জন্য সাময়িক বা বেসরকারি অর্থায়নে প্রকল্প চালু করা হলেও রাষ্ট্রীয়ভাবে এটিকে স্থায়ী রূপ দেওয়ার ঘটনা এই প্রথম।

যুক্তরাষ্ট্রের অ্যালফাবেট ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ‘বেসিক ইনকাম ল্যাব’-সহ বিশ্বজুড়ে ইউনিভার্সাল বেসিক ইনকাম (ইউবিআই) বা সর্বজনীন মৌলিক আয়ের প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন, শর্তহীন নগদ সহায়তা প্রদান জটিল আমলাতান্ত্রিক সামাজিক কাঠামোর চেয়ে নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বেশি কার্যকর।

তবে এর বিপরীত মতামতও রয়েছে। যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি নাগরিক সর্বজনীন মৌলিক আয়ের বিপক্ষে, কারণ তাঁদের মতে এতে মানুষের কর্মবিমুখতা এবং সরকারের ওপর নির্ভরতা বাড়তে পারে।

তবে বাসস্থান ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটের মধ্যে আয়ারল্যান্ডের শিল্পীরা সরকারের এই স্থায়ী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এটি বিশ্বজুড়ে সৃজনশীল খাতে রাষ্ট্রীয় সমর্থনের ক্ষেত্রে একটি নতুন মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত