Ajker Patrika

তিব্বতের ভূমিকম্পে নিহত অন্তত ১৮

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮: ৪৩
তিব্বতের ভূমিকম্পে নিহত অন্তত ১৮
তিব্বতে ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছে। ছবি: সিনহুয়া

চীনের তিব্বতের দুর্গম অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৬ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে ৩০০ জনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে—গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল একটি পার্বত্য এলাকায়, নাগচু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং আঞ্চলিক রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়েছেন ৪৬ জন। তাঁদের মধ্যে ১১ জন গুরুতর আহত। প্রাথমিক পরিদর্শনে ৩৩৯টি বাড়ি ধসে পড়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি আরও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভূমিকম্পের সময় আতঙ্কের চিত্র দেখা গেছে। ভিডিওগুলোতে দেখা যায়, কম্পন শুরু হলে রেস্তোরাঁ থেকে কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসছেন। সুপারমার্কেটের তাক থেকে বিভিন্ন জিনিসপত্রও মাটিতে পড়ে যাচ্ছে।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ তিংরি কাউন্টিতে ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হয়েছিলেন।

এদিকে, গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হন। সীমান্তের কাছ থেকে উৎপত্তি হওয়া ওই বন্যার পানির স্রোত নেপালের উত্তর ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়িঘর ও ভবন ভেসে যায়। সেই বিপর্যয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তিব্বতে নতুন করে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল।

অন্যদিকে, চীনে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবর জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিনের প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। তবে দ্বিতীয় ভূমিকম্পটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত