চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের উত্তরাঞ্চলের নাগচু এলাকার একটি উচ্চভূমির কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে ভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটির কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। তিব্বতের রাজধানী লাসা থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার।
এর আগে ২০১০ সালে প্রতিবেশী ছিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তিব্বতের বর্তমান ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ইউশুর দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। ওই দুর্যোগে অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত হয়েছিলেন এবং প্রায় ৩০০ জন নিখোঁজ ছিলেন।
বর্তমান ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।









