Ajker Patrika

‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপির দুই পা-ই কেটে ফেলতে হয়েছে

আজকের পত্রিকা ডেস্ক­
‘ইচ্ছাকৃত’ গাড়িচাপায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপির দুই পা-ই কেটে ফেলতে হয়েছে
অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনস। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় তাঁর দুই পা-ই কেটে ফেলতে হয়েছে। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের ওয়ানগারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গত ১৯ অক্টোবর ওই ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা, এটি পরিকল্পিত হামলা ছিল।

বুধবার (২১ অক্টোবর) হেলেনের স্বামী ফিল হেইনস সাংবাদিকদের জানান, ভয়াবহ ওই ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর মানসিক অবস্থা ও মনোবল ভালো রয়েছে। তিনি বলেন, ‘এত কিছুর মধ্যেও ভালো খবর হলো, তিনি বেঁচে আছেন।’

ফিল জানান, হেলেনের সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘ ও কঠিন হবে। তবে তিনি একজন লড়াকু মানুষ। পরিবারের ভালোবাসা ও সহযোগিতায় তিনি সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন তাঁর স্বামী। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করা ব্যক্তিদের ধন্যবাদ জানান। হেলেনের প্রতি সমর্থন জানাতে ইচ্ছুক ব্যক্তিদের সেভ দ্য চিলড্রেন তহবিলে অনুদান দেওয়ার আহ্বানও জানান তিনি।

অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ

এই ঘটনায় ৪৩ বছর বয়সী ব্রেন্ডান নুজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার প্রথমবারের মতো স্থানীয় আদালতে হাজির করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনা হতে পারে।

আদালতে নুজেন্ট নীরব ছিলেন। তিনি জামিনের আবেদন করেননি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির করা হবে। আদালতের নথি অনুযায়ী, গাঁজা চাষ ও রাখার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

নুজেন্টের আইনজীবী আদালতকে জানিয়েছেন, তাঁর মক্কেলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। এ ছাড়া আদালতে তাঁর বিরল স্নায়বিক রোগ ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মাইলাইটিসের বিষয়টিও উঠে আসে। মেরুদণ্ডে প্রদাহের কারণে এ রোগ হয়।

হামলার কারণ খুঁজছে পুলিশ

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সহযোগিতায় তদন্ত চলছে। তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ বলেন, ঘটনাটি পরিকল্পিত হামলা ছিল কি না এবং এর পেছনে কী উদ্দেশ্য কাজ করেছে, তা তদন্তের অন্যতম প্রধান বিষয়।

পুলিশ আরও খতিয়ে দেখছে, মাদক গ্রহণ বা ওষুধের প্রভাব এ ঘটনায় ভূমিকা রেখেছিল কি না এবং হেলেনের সঙ্গে অভিযুক্তের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল কি না। ঘটনার আগে নুজেন্ট পুলিশের নজরদারিতে ছিলেন না এবং হেলেনের বিরুদ্ধে কোনো হুমকির তথ্যও পুলিশের কাছে ছিল না।

জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা হেলেনকে টয়োটা ল্যান্ডক্রুজার দিয়ে চাপা দেওয়ার অভিযোগ ওঠে নুজেন্টের বিরুদ্ধে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হেলেনকে উদ্ধারে এগিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা। জ্যাকব ও জ্যাকি ইভান্স তাঁদের মধ্যে ছিলেন। জ্যাকব নিজের গাড়িতে থাকা চিকিৎসাসামগ্রীর সাহায্যে হেলেনের একটি পায়ের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন।

রাজনীতিতে নিরাপত্তা নিয়ে বিতর্ক

২০১৯ সালে প্রথম নির্বাচিত হওয়া হেলেন ভিক্টোরিয়ার ইন্ডি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। তাঁর ওপর হামলার ঘটনায় ওয়ানগারাট্টা শহরসহ অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে শোক ও বিস্ময় ছড়িয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি হেলেনের স্বামীর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। নারী রাজনীতিকদের বিরুদ্ধে হুমকি ও বিদ্বেষের ধরন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন বলেন, এ ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। তাঁর ভাষায়, ‘আমাদের থামতে হবে এবং আরও ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি সমাজে শালীনতা, সহমর্মিতা ও মানবিক আচরণ চর্চার ওপর গুরুত্ব দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত