Ajker Patrika

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তায় প্রস্তুত ভারত: জয়শঙ্কর

আজকের পত্রিকা ডেস্ক­
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তায় প্রস্তুত ভারত: জয়শঙ্কর
ইউক্রেনের কিয়েভে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ সংবাদ সম্মেলনে সিবিহার পাশে দাঁড়িয়ে জয়শঙ্কর বলেন, ‘ভারত কোনোভাবে, যে কোনো উপায়ে সহযোগিতা করতে পারলে আমরা সেখানে আছি।’ ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের সফরে ইউক্রেন ও পোল্যান্ডে অবস্থান করছেন তিনি।

জয়শঙ্করের কিয়েভ সফরের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন।

ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদি বলেন, ‘ভারত শান্তির সব প্রচেষ্টাকে সমর্থন করে এবং ভবিষ্যতেও তা করে যাবে।’ তিনি বলেন, যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়। বিপরীতে শান্তির দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ মানুষের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করে।

মোদি আরও বলেন, ‘আমাদের অবশ্যই অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধের অবসানের দিকে এগোতে হবে।’ দ্রুত সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, গান্ধী ও বুদ্ধের ভূমি ভারতের বার্তা একটাই—শান্তির পথ।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় ১৮ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে পুতিনের ভারত সফরের কথা রয়েছে। সেখানে দুই নেতার আবারও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেশটির জ্বালানি চাহিদা পূরণে রাশিয়া গুরুত্বপূর্ণ উৎস। রাশিয়া থেকে তুলনামূলক কম দামে অপরিশোধিত তেল আমদানি করে লাভবান হয়েছে ভারত।

এদিকে, প্রায় দুই বছর পর ইউক্রেনে জয়শঙ্করের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কিয়েভ সফরে গিয়েছিলেন তিনি। তবে এটিই ইউক্রেনে তাঁর প্রথম একক সফর। অন্যদিকে, ২০১৯ সাল থেকে তিনি অন্তত ১০ বার রাশিয়া সফর করেছেন।

জয়শঙ্করের সফরের মধ্যেই ইউক্রেনে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার কিয়েভে রুশ হামলায় গুজরাটের ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিক সুদর্শন ভাবিলালা নিহত হন। একই হামলায় তেলেঙ্গানার ৩৫ বছর বয়সী গণেশ কাল্লেদা আহত হয়েছেন।

রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সমালোচনা ও নজরদারি ক্রমেই বাড়ছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ভারত রোম সংবিধির (Rome Statute) স্বাক্ষরকারী নয়। ফলে পুতিনকে গ্রেপ্তারে ভারতের ওপর আইনি বাধ্যবাধকতা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত