
সীমান্তের ওপারে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশাল বিজয় নতুন করে আশা জাগিয়েছে বিশ্বভারতী ও শান্তিনিকেতনে। এই জয়ে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, বিশেষ করে বিশ্বভারতী ও শান্তিনিকেতনের সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক আবার শুরু হবে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
এর আগে, ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সময়ে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ প্রায় থমকে গিয়েছিল।
শান্তিনিকেতনে ঠাকুর পরিবারের বংশধর সুদৃপ্ত ঠাকুর বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সীমান্তের এপারে, বিশেষ করে শান্তিনিকেতনের সঙ্গে রবীন্দ্রনাথের সাংস্কৃতিক উপস্থিতি ও সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের অবনতি লক্ষ্য করা গিয়েছিল।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছে—এতে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি, নতুন সরকার বাংলাদেশের সংস্কৃতির ভিত্তিকে রক্ষা করবে। সেই সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে রবীন্দ্রনাথকেও মর্যাদা দেবে।’
২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন। এই কেন্দ্রটি বিশ্বভারতী ও বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও বিনিময়ের জন্য গড়ে তোলা হয়। বাংলাদেশ সরকার শুরুতে ভবন নির্মাণের জন্য অর্থ দিয়েছিল। ভবনটিতে একাধিক সম্মেলনকক্ষ, একটি গ্রন্থাগার ও একটি জাদুঘর রয়েছে। সম্মেলনকক্ষ ও গ্রন্থাগার চালু হলেও ২০২০ সালের কোভিড-১৯ লকডাউনের সময় বন্ধ হওয়া জাদুঘরটি এখনো খোলা হয়নি।
একটি সূত্র জানায়, ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশের একদল কর্মকর্তা জাদুঘরটি নতুন করে সাজিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের জুন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে অস্থিরতা শুরু হয়, তার কারণে জাদুঘরটি আর খোলা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বভারতীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘জাদুঘরে শেখ মুজিবুর রহমানের অনেক স্মারক ছিল। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন জোরদার হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জাদুঘরটি না খোলার সিদ্ধান্ত নেয়। কারণ এতে দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারত। এরপর বাংলাদেশে যা ঘটেছে, তা সবার জানা। মৌলবাদী শক্তিগুলো ভারতবিরোধী এবং এমনকি রবীন্দ্রনাথবিরোধী হয়ে উঠেছিল।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা (বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত) তারেক রহমানের বক্তব্য শুনেছি। তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, ইউনূস আমলের অস্থিরতা শেষ হবে। আমরা আশা করি, এখন জাদুঘরটি পুনরায় খোলার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যাবে। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরের সম্মতি নিয়ে।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বভারতীর আচার্য।
ঢাকায় বহু বছর ধরে রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রচর্চা এগিয়ে নিয়ে যাওয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট হামলার শিকার হয়। রবীন্দ্রনাথের স্থাপত্য ভাঙচুরের খবরও আসে। রবীন্দ্রদর্শনের ওপর এই আঘাত অনেককে ব্যথিত করে। কারণ তিনি শুধু দুই বাংলার প্রতিনিধিত্বকারী একজন কবি নন, বাংলাদেশেও তিনি গভীরভাবে শ্রদ্ধেয়। তাঁর লেখা ‘আমার সোনার বাংলা’ কবিতা বাংলাদেশের জাতীয় সংগীত।
বাংলাদেশ থেকে ভারতে পড়তে যাওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে বিশ্বভারতী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে যান। ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। অনেকেই ভিসা পেতে সমস্যায় পড়েন। কিছু বাংলাদেশি শিক্ষার্থী বলেন, এখন বিএনপি ক্ষমতায় আসায় এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে এবং ভিসা পাওয়া সহজ হবে।
বিশ্বভারতীর সংগীত ভবনের পিএইচডি গবেষক অমৃতা সরকার বলেন, ‘এক মাস আগে আমি ভিসা পেয়েছি। তার আগে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বিশ্বভারতীতে পড়া অনেক বাংলাদেশি শিক্ষার্থী একই সমস্যায় পড়েছিল। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতায় আমরা খুবই আশাবাদী। আগের মতো পরিস্থিতি আর থাকবে না বলে মনে করছি।’ অমৃতার বাড়ি বাংলাদেশের মেহেরপুরে।
বিশ্বভারতীর দীর্ঘদিনের কর্মকর্তারা জানান, ২০০০ সালের শুরুর দিকে বিএনপি যখন আগে ক্ষমতায় ছিল, তখন তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল। বিশ্বভারতীর জনসংযোগ কর্মকর্তা অতিগ ঘোষ বলেন, ‘বিএনপি সরকারের আগের মেয়াদে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। দলটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। আমরা আশাবাদী। ২০০০ সালের শুরুর দিকে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার আমলে সরকারের সঙ্গে বিশ্বভারতীর খুব ভালো সম্পর্ক ছিল। আমরা নিশ্চিত, সম্পর্ক আবারও সৌহার্দ্যপূর্ণ হবে।’
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে পোল্যান্ডের নিজের পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিষয়টি ভাবা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্যারোল নওরোকি। তিনি স্থানীয় টেলিভিশন চ্যানেল পোলস্যাট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর ব্লুমবার্গের।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন পারমাণবিক চুক্তি করতে চায়, যাতে দুই পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হয়। গতকাল রোববার এক ইরানি কূটনীতিক এমন কথা বলেছেন বলে খবরে প্রকাশ। কয়েক দিনের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা।
৩ ঘণ্টা আগে
সীমান্ত দিয়ে দেশত্যাগের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী হারমান গালুশচেঙ্কো। তবে তিনি কোথায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন তা জানা যায়নি। গত নভেম্বরে প্রায় ১০ কোটি ডলার আত্মসাতের একটি অভিযোগের জড়িতদের নামের তালিকায় গালুশচেঙ্কোর নাম উঠে আসে। এর তাঁকে অপসারণ করা হয়।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে বিশাল এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ বা খাস জমি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এই পদক্ষেপকে অনেকেই ফিলিস্তিনি ভূখণ্ডকে কার্যত একীভূত করে নেওয়ার প্রক্রিয়াকে আরও দৃঢ় করার চেষ্টা হিসেবে দেখছেন।
৫ ঘণ্টা আগে