
ইরানের ৩৪ কোটি ৪০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করছে ট্রাম্প প্রশাসন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, তাঁর দপ্তর ‘ইরানের সঙ্গে সম্পৃক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।’ তিনি আরও বলেন, ‘তেহরান মরিয়া হয়ে দেশের বাইরে যে অর্থ পাচারের চেষ্টা করছে, আমরা তার উৎস অনুসরণ করব এবং এই শাসনের সঙ্গে যুক্ত সব ধরনের আর্থিক লেনদেনের পথ বন্ধ করে দেব।’
এদিকে ডিজিটাল মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ‘টেদার’ গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা ৩৪ কোটি ৪০ লাখ ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করতে মার্কিন সরকারকে সহায়তা করেছে। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত দুটি ডিজিটাল অ্যাড্রেসের তথ্য মার্কিন কর্তৃপক্ষ বিনিময় করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাগুলো যখন বারবার থমকে যাচ্ছে এবং বিশ্ব অর্থনীতি এর প্রভাবে বিপর্যস্ত, ঠিক তখনই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বিপুল পরিমাণ এই অর্থ জব্দ করার ফলে তেহরানের অবস্থানে বা যুদ্ধ ও আলোচনার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এই মুদ্রার সঙ্গে ইরানের সরাসরি যোগসূত্র রয়েছে সরকার তথ্য পেয়েছে। তিনি বলেন, ‘ব্লকচেইন বিশ্লেষকদের সহায়তায় মার্কিন সরকার ইরানি শাসনের সঙ্গে এর বস্তুগত সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এর মধ্যে ইরানের বিভিন্ন এক্সচেঞ্জের সঙ্গে সরাসরি লেনদেন এবং সেন্ট্রাল ব্যাংক অব ইরানের (সিবিআই) ওয়ালেটের সঙ্গে যুক্ত মধ্যস্থতাকারী অ্যাড্রেসের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া গেছে।’
তবে এই ওয়ালেটগুলো যে ইরানেরই ছিল, তা সিএনএনের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
ওই মার্কিন কর্মকর্তা শুক্রবার আরও বলেন, ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে এবং স্থানীয় মুদ্রা রিয়ালের মান স্থিতিশীল করতে ডিজিটাল সম্পদ ব্যবহার করে লেনদেন আড়াল করার জন্য জটিল সব পদ্ধতি ব্যবহার করছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন অর্থ মন্ত্রণালয় বর্তমানে ডিজিটাল সম্পদ বিনিময়কারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো রাজস্ব তৈরি এবং নিষেধাজ্ঞা এড়াতে ক্রমেই ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকছে, কারণ প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় এটি নিয়ন্ত্রন করা কঠিন। ক্রিপ্টো-বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘চেইনঅ্যালিসিস’-এর তথ্যমতে, ২০২৫ সালে ইরানে ক্রিপ্টোকারেন্সি হোল্ডিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৮ বিলিয়ন (৭৮০ কোটি) ডলারে। ২০২৪ সালের তুলনায় এই হার অনেক বেশি। সংস্থাটি জানায়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে এই ব্লকচেইন হোল্ডিংয়ের প্রায় অর্ধেকই ছিল ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দখলে।
আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো ড্যানিয়েল ট্যানেনবাম বলেন, এই সম্পদ জব্দ করার বিষয়টি ‘তাৎপর্যপূর্ণ’, তবে ইরান আগে থেকেই ব্যাপক নিষেধাজ্ঞার মধ্যে থাকায় এটি বর্তমান সংঘাতের ধরনে খুব বড় পরিবর্তন আনবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকায় ইরান এর সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল রপ্ত করেছে। তার মতে, ইরানকে চাপে ফেলতে হলে চীনসহ যে তৃতীয় পক্ষগুলো ইরানকে সহায়তা করছে, তাদের লক্ষ্যবস্তু করতে হবে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার চীনের একটি স্বতন্ত্র তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ইরান থেকে শত কোটি ডলারের তেল আমদানির দায়ে অভিযুক্ত।
ট্যানেনবাম আরও উল্লেখ করেন, বছরের পর বছর ধরে ইরান ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে। যারা মার্কিন ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকতে চায়, তাদের সঙ্গেই ইরান এই লেনদেন করে। বর্তমান পরিস্থিতিতে অস্ত্র ও সামরিক সহায়তা নিশ্চিত করতে ইরান যেকোনো উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
গত বছর ইসরায়েলপন্থি হ্যাকাররা ইরানের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে প্রায় ৯ কোটি ডলার সমমূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছিল বলে ধারণা করা হয়।

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে নতুন তিনটি পদ্ধতি যুক্ত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, প্রাণঘাতী ইনজেকশনের ওষুধের স্বল্পতার কথা উল্লেখ করে গত শুক্রবার ট্রাম্প প্রশাসন ফায়ারিং স্কোয়াড (গুলি করে মারা), ইলেকট্রিক চেয়ার (বৈদ্যুতিক শক) এবং বিষাক্ত...
২ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আজ শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার সরাসরি শান্তি আলোচনা। হোয়াইট হাউস ও কূটনৈতিক...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজের এক সপ্তাহ পর জানা গেল, জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি—উভয়েই প্রাণ হারিয়েছেন। লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করার পর আজ শনিবার (২৫ এপ্রিল)...
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের আরোপিত নৌ-অবরোধ এখন বৈশ্বিক রূপ নিয়েছে। তিনি অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে
৬ ঘণ্টা আগে