Ajker Patrika

মমতা মুসলমানদের গবাদিপশুর মতো ব্যবহার করেন: ওয়াইসি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০: ৩৪
মমতা মুসলমানদের গবাদিপশুর মতো ব্যবহার করেন: ওয়াইসি
আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের গবাদি পশুর মতো ব্যবহার করেন। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপিকে বেড়ে উঠতে সাহায্য করেছেন। একই সঙ্গে তিনি মুসলিমদের ক্ষেত্রে ‘ব্যবহার করে ছুড়ে ফেলা’ নীতি গ্রহণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান আসাউদ্দিন ওয়াইসি।

মুসলিম ভোট ভাগ করে বিজেপির বি টিম হিসেবে কাজ করার অভিযোগ ওওয়াইসির বিরুদ্ধে প্রায়ই ওঠে। বর্তমানে তৃণমূলের বিদ্রোহী নেতা হুমায়ুন কবীরকে সমর্থন দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গেও তিনি একই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছেন।

এনডিটিভিকে ওয়াইসি বলেন, ‘আরজেডির (রাষ্ট্রীয় জনতা দল) সঙ্গে জোট করে বিহারে রাজ্যসভার একটি আসন পাওয়ার আশায় বসে থেকে আমরা আমাদের পাপ ধুয়ে ফেলিনি। আসল কলঙ্ক তো উল্টো দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলায় বিজেপির ভিত শক্ত করছেন; ১৯৭৭ সালে বিজেপির মাত্র চারজন বিধায়ক ছিল।’

তিনি আরও বলেন, ‘মানুষ আমাদের গালিগালাজ করছে, প্রশ্ন তুলছে—আপনারা কেন নির্বাচনে লড়ছেন? অথচ কেউ কি বুঝিয়ে বলবে, যখন আট লাখ মুসলিমকে পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল (ডিপোর্ট), তখন তারা কোথায় ছিল? এখন আমরা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি বলে আমাদের গালি দেওয়া হচ্ছে।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বলেন, ‘তৃণমূল কি ১৯৯৮ এবং ১৯৯৯ সালে বিজেপির প্রথম সংসদীয় জয়ে সহায়তা করেনি? এরপর আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) রেলমন্ত্রী হলেন, পরে জর্জ ফার্নান্দেজ সাহেবের অজুহাতে জোট ভাঙলেন। তারপর আপনি আবার দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে যোগ দিয়েছিলেন—আর সেটা ঠিক তখনই করেছিলেন যখন গোটা দেশ গুজরাট দাঙ্গার দিকে আঙুল তুলছিল। আর এখন আপনি আমার দিকে আঙুল তুলছেন।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিমদের জন্য কী করেছেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তিনি বলেন, ‘আপনি কেন স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেন না? আপনি মুসলিমদের গবাদিপশুর মতো ব্যবহার করেন—ভোটের জন্য তাদের দুধ দোহন করেন এবং কাজ ফুরিয়ে গেলে ছুড়ে ফেলে দেন।’

হুমায়ুন কবীরের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে ওওয়াইসির গলায় তিক্ততা শোনা যায়। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে... এখন হুমায়ুন দাবি করছেন তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। বলা যেতে পারে, তিনি আমাকে লায়লার মতো অবস্থায় ফেলে চলে গেছেন।’

গত সপ্তাহে আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দেন ওওয়াইসি। একটি স্টিং ভিডিও প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে ওই দলের প্রধান হুমায়ুন কবীরকে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে কথা বলতে শোনা গেছে বলে অভিযোগ। তবে হুমায়ুন কবীর ওই ভিডিওটিকে এআই জেনারেটেড বা কৃত্রিমভাবে তৈরি বলে উড়িয়ে দিয়েছেন।

ওওয়াইসি জানিয়েছেন, তিনি এখন থেকে স্বতন্ত্রভাবে লড়াই করবেন এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে জোটে যাবেন না। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও আসানসোল মিলিয়ে বাংলার মোট ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে তাঁর দলের। ২০২১ সালে তারা ছয়টি আসনে লড়ে ৫ শতাংশের কম ভোট পেয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত