
ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে সেই অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। তবে ট্রাম্প আলোচনার কথা বললেও ইসরায়েল ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে ট্রাম্পের আলোচনার দাবি খারিজ করেছে ইরান। গতকাল মঙ্গলবার ইসরায়েলজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে দেশটি।
বিশ্লেষকেরা বলছেন, ইরানে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে যে সংঘাত ছড়িয়েছে, তা নিয়ে বিপাকে পড়েছেন ট্রাম্প। এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন তিনি। এই পরিস্থিতিতে চীনের পর ভারত ও পাকিস্তান এই যুদ্ধ থামানোর উদ্যোগ নিচ্ছে।
ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্য: ইরানকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা গত শনিবার রাতে বেঁধে দেন ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ নিয়ে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। বলেছেন, ‘ঠিক এ মুহূর্ত থেকে’ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার ‘হুমকি ছাড়াই’ ইরানকে এ জলপথ পুরোপুরি খুলে দিতে হবে। তিনি আরও বলেন, ‘ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে!’
তবে গত সোমবার এই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলাপ হয়েছে।’ এই পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, এই আলোচনার কারণে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিত থাকবে।
তবে ইরান এই দাবি অস্বীকার করেছে। এরপর গতকাল ব্যাপক হামলা চালিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সাইরেন বেজে ওঠে, যার মধ্যে তেল আবিবও ছিল। রাজধানী শহরে একটি বহুতল আবাসিক ভবনে বিশাল গর্ত সৃষ্টি হয়। ক্ষয়ক্ষতি সরাসরি আঘাতে হয়েছে, নাকি প্রতিরোধ ব্যবস্থায় ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, তেল আবিবের একটি ভবনে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বেসামরিক লোকজনের সন্ধান করা হচ্ছিল। আরেকটি ক্ষতিগ্রস্ত ভবনের আশ্রয়কেন্দ্রেও বেসামরিক লোকজনকে পাওয়া গেছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলা হয়েছে, তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ইসরায়েলে গোয়েন্দা দপ্তরে হামলা চালিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে কয়েক দফায় তেল আবিব, হাইফাসহ বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির নেগেভ অঞ্চল ও রামাত গান শহরে সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া হাইফার বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ইরানের মিত্র হিজবুল্লাহও গতকাল ইসরায়েলে হামলা চালিয়েছে। এসব হামলার পর ইসরায়েলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৫ হাজার মানুষ আহত হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপরও হামলা অব্যাহত রেখেছে ইরান। গতকাল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনে হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরাকের বাগদাদে হামলা চালিয়েছে ইরান।
এদিকে পাল্টা হামলায় গতকাল বারবার কেঁপে উঠেছে ইরান। দেশটির তেহরান ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে শিরাজ শহরেও। তেহরানে আইআরজিসির সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির তাবরিজ শহরে হামলায় ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া ইরাকে শিয়াদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে যুক্তরাষ্ট্রের হামলায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত তাদের ১৭টি স্থাপনায় হামলা হয়েছে। এ ছাড়া ৯৪ অ্যাম্বুলেন্স ও ত্রাণের গাড়ি হামলার শিকার হয়েছে। এ ছাড়া ইরানের ৪৯৮ স্কুলে এবং ২৮১টি মেডিকেল সেন্টারে হামলা হয়েছে। ৬২ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়।
এই যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের অন্তত দেড় হাজার মানুষ নিহত ও ১৮ হাজার আহত হওয়ার খবর পাওয়া হয়েছে। লেবাননে নিহত হয়েছে ১ হাজার ৩৯ জন। আহত হয়েছে আড়াই হাজার। হামলায় ইরাকে ৬১ জন, ইসরায়েলে ১৮ জন, যুক্তরাষ্ট্রের ১৩ জন, সিরিয়ায় ৪ জন, কুয়েতে ৬ জন, আমিরাতে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ব্যবধান অনেক বেশি
তবে এত হতাহতের পরও আলোচনায় তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিবিসির খবরে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনা করছেন। এ বিষয়ে ওয়াং ই বলেন, এই সংঘাতের চেয়ে আলোচনা ভালো।
এদিকে আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তানও। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি সাপেক্ষে, চলমান সংঘাতের একটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনা সহজতর করতে আয়োজক হতে পাকিস্তান প্রস্তুত।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তানের সেনা নেতৃত্ব। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর এই সংঘাত নিয়ে আলোচনার জন্য গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
এদিকে আলোচনার উদ্যোগ নিয়েছে ভারতও। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এরপর মোদি বলেছেন, তিনি ও ট্রাম্প ‘শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার বিষয়ে’ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।
তবে এমন কোনো আলোচনার চেয়ে সুস্পষ্ট উদ্যোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেছেন, তাঁরা কোনো যুদ্ধবিরতি চান না। এর সামগ্রিক সমাধান চান।
এদিকে ট্রাম্প আলোচনার ইঙ্গিত দিলেও হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ নিয়ে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, দুই পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো যেকোনো পক্ষের মেনে নেওয়া কঠিন। কারণ যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে, আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে প্রস্তুত কি না, এটা বড় প্রশ্ন। ফলে আলোচনার সম্ভাবনা এবং সংঘাতের একটি বাস্তবসম্মত সমাধানের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার কথা বলছেন, ঠিক সেই সময় সংবাদ সংস্থা রয়টার্সকে তেহরানের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে—যুদ্ধ শুরুর পর থেকে আলোচনার অবস্থান উল্লেখযোগ্যভাবে কঠোর করেছে ইরান।
৩ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের নতুন প্রকাশিত নথিতে দেখা গেছে, দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন বিলিয়নিয়ার লিওন ব্ল্যাকের নারীসংক্রান্ত আর্থিক লেনদেনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। এভাবে ছয় বছরে এপস্টেইনকে প্রায় ১৭ কোটি ডলার পরিশোধ করেছেন ব্ল্যাক।
৬ ঘণ্টা আগে
ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, তা আসলে একটি সুপরিকল্পিত ফাঁদ। তেহরানের ধারণা, এই আলোচনার অজুহাতে টিকে থাকা সর্বশেষ পর্যায়ের গুটিকয়েক শীর্ষ নেতাকে বের করে আনা এবং পরবর্তী সময় অতর্কিত হামলার মাধ্যমে তাঁদের হত্যা করাই
৬ ঘণ্টা আগে
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক ফোনালাপে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (২৪ মার্চ) এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
৭ ঘণ্টা আগে