
গাজায় আগ্রাসন ও মানবতা–বিরোধী অপরাধের অভিযোগে গত বছর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এরপর থেকেই মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরা আইসিসির নিন্দা করে আসছিলেন। তবে এবার সরাসরি আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিলেন প্রতিনিধি পরিষদের সদস্যরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ‘ইললেজিটিমেট কোর্ট কাউন্টার অ্যাকশন অ্যাক্ট’ বা ‘অবৈধ আদালত বিরোধী আইন’–এর পক্ষে গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ২৪৩–১৪০ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
এই আইনের আওতায় মার্কিন নাগরিক বা ইসরায়েলসহ তার মিত্র দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে কোনো বিদেশির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য নয়।
৪৫ জন ডেমোক্র্যাট এবং ১৯৮ জন রিপাবলিকান এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। কোনো রিপাবলিকান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেননি। নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর এটিই প্রথম ভোট, যার ফলাফল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের ইসরায়েলের প্রতি জোরালো সমর্থনকেই তুলে ধরে।
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান বায়ার্ন মাস্ট ভোটের আগে কংগ্রেসে বলেন, ‘আমরা এই আইন পাস করছি, কারণ একটি ক্যাঙারু কোর্ট আমাদের মহান মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চায়।’
এর আগে ২০২০ সালে ট্রাম্প প্রশাসন আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্তে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।
২০১৮ সালে আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদা ও অন্য কর্মকর্তাদের ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল। সেই সময় তাঁদের যুক্তরাষ্ট্রে ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। নতুন প্রস্তাবে আইসিসির কাজে যারা সহায়তা করবেন, তাঁদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে ১২৫টি সদস্য দেশকে জানান, এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আদালতের কার্যক্রম ব্যাহত করবে এবং এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।
আইসিসি জানায়, তারা যথেষ্ট প্রমাণের ভিত্তিতে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাঁদের উদ্দেশ্য গাজায় চলমান আগ্রাসন ও সংঘাত বন্ধ করা।
ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। নতুন কংগ্রেসে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের নেতা জন থুন জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রস্তাবটি দ্রুত অনুমোদন পাবে। আর দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথের পরেই এটি আইনে পরিণত করা হবে।

অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার অভিযানের মধ্যেই প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সময়ে, বসতি স্থাপনকারীদের অবরোধে তিনটি ফিলিস্তিনি পরিবার কয়েক দিন ধরে বিদ্যুৎ ও পানি ছাড়া বাড়িতে আটকা পড়ে ছিল।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়া, বৈশ্বিক তেল সরবরাহ কমে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকার মধ্যেও তারা অনির্দিষ্টকাল ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখতে পারবে। একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কথাও জানিয়েছে ওয়াশিংটন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। দুই দেশের সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণের লক্ষ্যে চলতি মাসের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে এই সফর আয়োজনের চেষ্টা চলছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
১০ ঘণ্টা আগে