ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে সুস্থ রাখতে চিকিৎসক মুখে খাওয়ার ওষুধ, এমনকি ইনসুলিন দেন। মুখে খাওয়ার ওষুধের মধ্যে এম্পাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধ অন্যতম। তবে এ ধরনের ওষুধ কিডনির ওপর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে। কিডনি বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় ২৫ শতাংশ ডায়াবেটিস রোগী কিডনি বিকলজনিত জটিলতায় ভুগছেন। এই সমস্যাকে মূলত ডায়াবেটিক নেফ্রপ্যাথি বলা হয়।
এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের স্বীকৃত দিবস হিসেবে ২০০৭ থেকে এই দিবসটি পালিত হচ্ছে। ১৪ নভেম্বর ইনসুলিনের আবিষ্কারক ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত এম্পাগ্লিফ্লোজিন-বিষয়ক গবেষণায় উল্লেখ করা হয়েছে, এই ওষুধের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে অন্যতম কিডনির তীব্র জটিলতা। এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসজনিত অন্ত্রের জটিলতা, নারী ও পুরুষের যৌনাঙ্গে সংক্রমণ, ফোর্নিয়ার গ্যাংগ্রিন ইত্যাদি।
বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে কর্মরত একজন ওষুধ প্রযুক্তিবিদ বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা ডায়াবেটিসের চিকিৎসায় এম্পাগ্লিফ্লোজিনের ব্যবহার সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছেন। শুধু তা-ই নয়, তাঁরা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনা না করেই রোগীর ব্যবস্থাপত্রে এত বেশি ওষুধের পরামর্শ দেন, যা রোগীর জন্য মঙ্গলজনক নয়।
আজকের পত্রিকার হাতে এমন ব্যবস্থাপত্রও রয়েছে, যেখানে ইনসুলিনের পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাঁচটি পৃথক মুখে খাওয়ার ওষুধের পরামর্শ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পটুয়াখালী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, কিডনি বিশেষজ্ঞদের কাছে যেসব ডায়াবেটিস রোগী আসেন, তাঁদের প্রায় ২৫ শতাংশেরই কিডনি বিকল। এসব রোগীর ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, তাঁদের সবাই এম্পাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধ সেবন করেছেন। তিনি বলেন, ডায়াবেটিস রোগীদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এম্পাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধ সেই ঝুঁকি প্রশমনে কার্যকর। সেই বিবেচনায় চিকিৎসকেরা এই ওষুধের ব্যাপক ব্যবহার করে থাকেন।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শাহজাদা সেলিমের তথ্যমতে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যার হিসাবে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আগামী চার বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। শাহজাদা সেলিম বলেন, শহর ও গ্রামে প্রায় সমানভাবে বেড়ে চলেছে ডায়াবেটিস রোগী। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ প্রস্তাবনা তুলে ধরেন...
১০ মিনিট আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে