ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত

ব্রেস্ট ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে ঢাকায় আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) কর্মসূচির আয়োজন করেছে অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডি। চেন্নাইয়ের টেইনমপেট এলাকার অ্যাপোলো হাসপাতাল ও ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের প্রায় ১০০ জন মেডিকেল শিক্ষার্থী, স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসক ও কনসালট্যান্ট।
আজ রোববার আয়োজিত এ কর্মসূচির শুরুতে ব্রেস্ট ক্যানসার সচেতনতা বাড়াতে র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিকেল অনকোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনি ও ব্রেস্ট অনকোলজি সার্জারিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেন।
অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে দুটি বিশেষ সেশন ছিল। এর মধ্যে একটি ছিল ‘বিয়ন্ড কেমোথেরাপি: ব্রেস্ট, ফুসফুস ও কোলোরেক্টাল ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির ক্রমবিকাশ’। অন্য সেশনের বিষয় ছিল ‘ব্রেস্ট ক্যানসার ব্যবস্থাপনার পরিবর্তনশীল ধারা’।
সেশনগুলোতে মূল বক্তব্য উপস্থাপন করেন চেন্নাইয়ের টেইনমপেট এলাকার অ্যাপোলো হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ডা. নিরঞ্জন বিজয়ারাঘবন এবং গ্যাস্ট্রো, গাইনি ও ব্রেস্ট অনকোলজিস্ট ডা. ঊষা গৌতম মেহতা। অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির পক্ষ থেকে বক্তব্য দেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলি নাফিসা।
আয়োজকদের ভাষ্য, এ সিএমই কর্মসূচির মাধ্যমে জেএমআই স্পেশালাইজড হসপিটাল পিএলসি এবং অ্যাপোলো হাসপাতালের মধ্যে সহযোগিতা আরও জোরদার হয়েছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসাজ্ঞান বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা উন্নয়নেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে।
অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডি দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটিতে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ ও পিআইসিইউ, ডায়ালাইসিস, আধুনিক অপারেশন থিয়েটার, ওয়ার্ড ও কেবিন, রেডিওলজি ও ইমেজিং সেবা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং টিকাদান কার্যক্রম রয়েছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশি রোগীদের বিদেশে না গিয়েও তুলনামূলক কম খরচে নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করা। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম বাড়াতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
আয়োজকেরা জানান, অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি বহির্বিভাগের (ওপিডি) রোগীকে সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ হাজার অন্তর্বিভাগের (আইপিডি) রোগীর চিকিৎসা এবং দেড় হাজারের বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, অস্ত্রোপচার-পরবর্তী সংক্রমণের হার ১ শতাংশের কম।
আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক চিকিৎসাজ্ঞান ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানিয়েছে অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডি। প্রতিষ্ঠানটির স্লোগান—‘এক্সপার্টিজ, ক্লোজার টু ইউ’।









