বেসবল আর বাস্কেটবলের দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব ফুটবলে কখনোই পরাশক্তি ছিল না। এখনো নয়। তবু ঘরের মাঠ, চেনা কন্ডিশনে দর্শকভর্তি গ্যালারির সমর্থন নিয়ে ভালো কিছুর আশা টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের। যেমনটা বলছেন দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো, ‘আমি বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রতিভা আমাদের আছে এবং আমরা দারুণ কিছু করতে পারব—এই বিশ্বাস রাখা সম্ভব।’
২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে পরের রাউন্ডে ওঠে যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ ষোলোয় শক্তিশালী ডাচ দলের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় দল। সে বিশ্বকাপে দলটির দুর্বলতা হিসেবে দেখা হয়েছিল দুর্বল রিজার্ভ বেঞ্চকে। এটা ঠিক যে দল যত শক্তিশালী তাদের রিজার্ভ বেঞ্চও তত ভালো। এবার কিন্তু গত বিশ্বকাপের চেয়ে যুক্তরাষ্ট্রের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী।
এখানেই মার্কিন সমর্থকদের আশাবাদী হওয়ার সুযোগ। পচেত্তিনোর সম্ভাব্য একাদশে ক্রিস রিচার্ডস এবং মার্ক ম্যাকেঞ্জি ২০২২ সালের তুলনায় রক্ষণভাগে বড় আপগ্রেড। আর ফোলারিন বালোগুন চার বছর আগের যেকোনো মার্কিন স্ট্রাইকারের চেয়ে অনেক এগিয়ে। গত বিশ্বকাপে দলের শুরুর একাদশে থাকা টিমোথি উইয়াহর এখন রয়েছে মার্শেইয়ের মতো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা। এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগে টটেনহামের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের হয়ে ১৮০ মিনিট খেলা জনি কার্ডোসোও জাতীয় দলে নিজের অপরিহার্যতা তৈরি করে নিয়েছেন। মালিক টিলম্যান চ্যাম্পিয়নস লিগে নিজেকে প্রমাণ করেছেন। পিএসভিতে ফরোয়ার্ড রিকার্ডো পেপি যেভাবে খেলে যাচ্ছেন, তাতে দ্রুত তাঁর বাজারমূল্য কয়েক কোটি ডলারে পৌঁছাবে। জো স্কালি খেলেন বুন্দেসলিগার আরেক দল মনশেনগ্লাডবাখে। যুক্তরাষ্ট্রের প্রথম একাদশে নিয়মিত না হওয়া হাজি রাইটও ইংলিশ চ্যাম্পিয়নশিপে ১৪টি গোল করে নিজের জাত চিনিয়েছেন। অ্যারনসনও আগের চেয়ে অনেক বেশি গোল ও অ্যাসিস্ট করছেন।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এমন একটি দল পাচ্ছেন মরিসিও পচেত্তিনো, যা আগে যুক্তরাষ্ট্র দলের কোনো কোচ পাননি। ইউরোপীয় বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সমন্বয়ে গড়া যুক্তরাষ্ট্র দলের মিডফিল্ড যেমন শক্তিশালী, তেমনি দলটির গতিময় আক্রমণ। কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ছিল ভালো ‘স্টার্টিং লাইনআপ’, কিন্তু এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পুরো দলটাকেই ‘ভালো’ বলা যায়।
কোচ পচেত্তিনোর প্রিয় ফরমেশন ৪-২-৩-১। এতে দুজন হোল্ডিং মিডফিল্ডার রক্ষণভাগকে মজবুত রাখে এবং আক্রমণভাগে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার ও একজন স্ট্রাইকার বেশি সুযোগ তৈরি করে। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর থেকে কিছু ম্যাচে তিনজন সেন্টারব্যাককেও খেলিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় ১৩ জুন প্যারাগুয়ের ম্যাচ দিয়ে লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ১৯ জুন সিয়াটলে দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ২৬ জুন, তুরস্কের বিপক্ষে খেলবে লস অ্যাঞ্জেলেসে।
.gif)
.gif)































