ফ্যাক্টচেক /মাদক কারবারের অভিযোগে স্থানীয়দের বাড়িঘর ভাঙচুরের দৃশ্যকে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে—এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘হৃদয় মাঝে তুমি’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘সনাতনী হয়ে বাংলাদেশে কি অপরাধ করেছি আমরা? আজ বাড়িঘর লুটপাট করে নিচ্ছে।’
পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী এটিকে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনা ভেবে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন।
আজকের পত্রিকার অনুসন্ধান
প্রচারিত ভিডিওতে সবুজ টিনের বেড়া তৈরি একটি ঘর ভাঙচুর করতে দেখা যায়। এ ছাড়া ছড়িয়ে পড়া ভিডিওটির ওপরে ‘নিমিষেই একটি সাজানোগোছানো সংসার তছনছ করে দিল জিহাদীরা’ লেখা রয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে বিষয়টি সম্পর্কিত কোনো তথ্য জাতীয় গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধান চালানো হলে ‘Razu Ahammad’ নামের একটি অ্যাকাউন্টে চলতি বছরের ৩০ আগস্ট প্রকাশিত হুবহু একই ভিডিও পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা, ‘মাদক ব্যবসার প্রতিবাদে স্থানীয়দের বাড়ি ভাঙচুরের দৃশ্য এটি।’ একই তথ্য সংবলিত ভিডিও পাওয়া যায়, Md Akter Hossain Khan নামের ফেসবুক অ্যাকাউন্টেও।
অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ‘বিডিনিউজ টোয়েন্টিফোর’-এ প্রকাশিত ‘ময়মনসিংহে “মাদক ব্যবসার”অভিযোগে বাড়ি ভাঙচুর’ শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল রয়েছে। ভিডিওর বিস্তারিত বর্ণনায় বলা হয়, ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে পচার মোড় এলাকায় ‘মাদক ব্যবসার’ অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘কালের কন্ঠস্বর’ নামের একটি ওয়েবসাইটে চলতি বছরের ৩০ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহ সদর উপজেলার ৭ নম্বর চর নিলক্ষীয়া ইউনিয়নের পচারের মোড় এলাকায় স্থানীয় মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নাজিরুল নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বরাতে প্রতিবেদনে বলা হয়, সামাজিক প্রতিরোধ থাকতে পারে তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রশাসনকে জানানোর নিয়ম। ঘটনায় যুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত
সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর লুটপাটের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর। মূলত, ময়মনসিংহের সদরে মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে স্থানীয়দের ভাঙচুরের দৃশ্যকে সাম্প্রদায়িক রূপ দিয়ে ছড়ানো হচ্ছে।








-ee29ba-256x144.webp)
