Ajker Patrika

ফ্যাক্টচেক /বিষ খাইয়ে তিন শিশুসন্তানকে হত্যার ঘটনাকে রাজনৈতিক হত্যা বলে প্রচার আ.লীগ সমর্থকদের

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০০
বিষ খাইয়ে তিন শিশুসন্তানকে হত্যার ঘটনাকে রাজনৈতিক হত্যা বলে প্রচার আ.লীগ সমর্থকদের
বগুড়ায় আওয়ামী লীগ করায় তিন শিশুকে হত্যার দাবিতে ছড়ানো পোস্ট। ছবি: স্ক্রিনশট

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মীর পরিবারের তিন শিশুসন্তানকে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে অন্তত ২০-এর অধিক ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ভিডিও ও ছবিটি ছড়ানো হয়েছে। প্রচারিত কয়েকটি পোস্ট রয়েছে এখানে , এখানে , এখানে এবং এখানে

ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ নেটিজেন রাজনৈতিক সহিংসতা মনে করে ক্ষোভ প্রকাশ করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওটিতে তিনটি শিশুর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তবে এতে বগুড়ার ঠিক কোন স্থানে বা কখন এমন ঘটনা ঘটেছে, তার কোনো উল্লেখ পাওয়া যায়নি। অনুসন্ধানে গণমাধ্যম কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে বগুড়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কোনো পরিবারে এমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, একাধিক জাতীয় দৈনিকে ঘটনাটি বগুড়ার নয়, বরং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভিন্ন ঘটনার একটি খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে গুজব ছড়ানো শুরু হয়েছে।

‘খুলনার সময়ের খবর’ নামের একটি স্থানীয় গণমাধ্যমে ‘সুনামগঞ্জের তাহিরপুরে কীটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা, পিতার অবস্থা আশঙ্কাজনক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবি ও ভিডিওর দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। একই ছবি ব্যবহার করে জাতীয় দৈনিক নয়াদিগন্তও প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে দৈনিক আজকের পত্রিকাতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এসব প্রতিবেদন থেকে জানা যায়, ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে সরফত আলী নামের এক বাবা তাঁর তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। নিহত শিশুরা হলো মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭) ও শামীম মিয়া (২)। ১৮ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেদনে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, বিষপানের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে এ বিষয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

একই তথ্য পাওয়া যায় জাতীয় দৈনিক ‘ডেইলি স্টার’-এর প্রতিবেদনেও

অর্থ্যাৎ, ওই ঘটনার সঙ্গে রাজনৈতিক সহিংসতার কোনো সম্পর্ক নেই।

গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া আলোচিত দাবিতে পোস্ট দেওয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজগুলো পর্যালোচনা করে দেখা যায়, এগুলোর বেশিরভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে এবং নিয়মিত বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণায় ব্যবহৃত হয়ে আসছে।

সিদ্ধান্ত

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ করার অপরাধে বিএনপির নেতা-কর্মীরা তিন শিশুকে হত্যা করেছে—এই দাবিটি বানোয়াট। মূলত সুনামগঞ্জের তাহিরপুরে এক ব্যক্তির নিজের তিন সন্তানকে বিষ পান করিয়ে হত্যার ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত