
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গত ৬ জুলাই ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। ওই ম্যাচের শেষদিকে পেনাল্টি নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নরওয়ের গোলকিপার ওরিয়ান নিল্যান্ড ও ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নিল্যান্ডের নামে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে তিনি নেইমারের কাছে ক্ষমা চেয়েছেন।
ভাইরাল হওয়া সেই পোস্টে নিল্যান্ডের উদ্ধৃতি দাবি করে লেখা হয়েছে, ‘আমি কখনোই সেই ম্যাচটি ভুলব না। ব্রাজিল ছিল আমাদের বিপক্ষে খেলা অন্যতম সেরা দল। নেইমার এখনও আমার কাছে একজন কিংবদন্তি, আর আমি আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন।’
ওই পোস্টটির বরাত দিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যম (চ্যানেল টুয়েন্টিফোর, যুগান্তর, বাংলানিউজ টুয়েন্টিফোর,বাংলাদেশ টাইমস, দেশ টিভি) প্রতিবেদন প্রকাশ করেছে।
এ ছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামেও দাবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমেই ভাইরাল হওয়া ‘nylandofficial’ নামের দাবিকৃত ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ‘nylandofficial’ নামের অ্যাকাউন্টি পাওয়া না গেলেও অ্যাকাউন্টি থেকে শেয়ার করা একটি পোস্টের একাধিক স্ক্রিনশট পাওয়া যায়। ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটের দাবির সঙ্গে আলোচিত দাবিতে শেয়ার করা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য ও ছবির হুবহু মিল রয়েছে।
তবে ইনস্টাগ্রামে একাধিক (১, ২ ) অ্যাকাউন্ট থেকে নরওয়ের গোলকিপারের নামে (nylandofficial) ছড়িয়ে পড়া ভাইরাল পোস্ট ও অ্যাকাউন্টটিকে ফেইক বলে দাবি করা হয়েছে।
‘Eunaoassistofuteboll’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সম্প্রতি নরওয়ের গোলকিপারের নামে ভাইরাল পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হয়। ওই পোস্টে পর্তুগিজ (ব্রাজিলীয়) ভাষায় দাবি করা হয়, গত কয়েক দিনে ইনস্টাগ্রামে নরওয়ের গোলরক্ষক অরজান নিল্যান্ড-এর নাম ও পরিচয় ব্যবহার করে একটি অ্যাকাউন্ট দ্রুত জনপ্রিয়তা লাভ করে। অ্যাকাউন্টটিতে ম্যাচের বিভিন্ন ছবি পোস্ট করার পাশাপাশি এমনভাবে কার্যক্রম চালানো হচ্ছিল, যাতে সাধারণ ব্যবহারকারীরা এটিকে গোলরক্ষকের অফিশিয়াল অ্যাকাউন্ট বলেই মনে করেন। ফলস্বরূপ, হাজার হাজার ফুটবল ভক্ত প্রতারণার শিকার হন।
পোস্টে আরও বলা হয়, পুরো ঘটনার সবচেয়ে মজার বিষয় ছিল ব্রাজিলীয় তারকা নেইমারের ভক্তদের কাণ্ড। তাঁরা অ্যাকাউন্টটিকে গোলরক্ষকের আসল প্রোফাইল ভেবে সেখানে গিয়ে একের পর এক কমেন্ট করতে শুরু করেন। দেখতে দেখতে পুরো কমেন্ট সেকশন নেইমারকে উদ্দেশ করে লেখা মন্তব্যে ভরে যায়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই অনেক ব্যবহারকারী বুঝতে পারেন যে এটি ভুয়া অ্যাকাউন্ট। বিষয়টি জানাজানি হওয়ার পর তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে হাস্যরস ও মিমের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘orjanhnyland1’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়া যায়। ২০১৩ সাল থেকে পরিচালিত ওই অ্যাকাউন্টে ৫ লাখ ৫৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচার, ফলোয়ার সংখ্যা ও পোস্টের সঙ্গে ভাইরাল হওয়া অ্যাকাউন্টের কোনো মিল নেই। কিছু স্ক্রিনশটে অসঙ্গতিও পাওয়া গেছে।

এ ছাড়া ‘@orjanhnyland1’ নামের অ্যাকাউন্টি থেকে শেয়ার করা একটি স্টোরি পাওয়া যায়। গতকাল ‘nylandofficial’ অ্যাকাউন্টের ভাইরাল স্ক্রিনশট শেয়ার দিয়ে বলা হয়, ‘এটি আমার প্রোফাইল নয়। অনুগ্রহ করে এটিতে রিপোর্ট করুন!! আমার একমাত্র অফিশিয়াল অ্যাকাউন্ট হলো @orjanhnyland1।’

অনুসন্ধানে ব্রাজিলের গণমাধ্যম QUEM (Revista Quem)-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, নরওয়ের গোলরক্ষক নিল্যান্ড গত ১৩ জুলাই নেইমারের কাছে ক্ষমা চেয়েছেন দাবিতে একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা পোস্ট ভাইরাল হওয়ার পর নিল্যান্ড নিজেই ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করেন। গতকাল (১৪ জুলাই) তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “এটি আমার প্রোফাইল নয়। অনুগ্রহ করে এটি রিপোর্ট করুন। আমার একমাত্র অফিসিয়াল অ্যাকাউন্ট হলো @orjanhnylan1।”’
এ ছাড়া আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও নিল্যান্ডের নেইমারের কাছে ক্ষমা চাওয়ার কোনো বক্তব্য বা সাক্ষাৎকারের তথ্য পাওয়া যায়নি।

সিদ্ধান্ত
ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রের কাছে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের ক্ষমা চাওয়ার দাবিটি বানোয়াট। নিল্যান্ডের নামে তৈরি একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টকে সত্য মনে করে দেশীয় কিছু মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের ব্যক্তিগত মতামত ও দাম্পত্যসম্পর্ক নিয়ে দুটি ভিন্ন উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ফটোকার্ডে দাবি করা হয়, মা-বাবা কষ্ট পাবেন ভেবে তিনি নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি। অন্য একটি ফটোকার্ডে সংসার ও পুরুষের আচরণ নিয়ে
৮ ঘণ্টা আগে
বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ আওয়ামী লীগের পক্ষে মতামত দিয়েছে; তাই দলটির ওপর নিষেধাজ্ঞা বেশিদিন রাখা সম্ভব নয়—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘বার্তা টুয়েন্টিফোর’-এর একটি ফটোকার্ড ছড়িয়েছেন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট....
১ দিন আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সাত বছরের শিশুসন্তানকে বিএনপির সন্ত্রাসীরা ধর্ষণ ও হত্যা করেছে—এমন চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
আলোচিত ক্যাপশনে ‘Sonalinews.com’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ১১ অক্টোবর বিকেল ৪টা ২৯ মিনিটে শেয়ার করা ভিডিওটি ১২ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ১ লাখ ৭ হাজার ৪০০ রিয়েকশন, ৪ হাজার ৫০০ কমেন্ট ও ১৫ হাজার শেয়ার রয়েছে।
২ দিন আগে