লাল শাপলার বিল। দূর থেকে দেখলে মনে হয় পানির ওপরে লাল গালিচা বিছানো রয়েছে। বিশাল এলাকা জুড়ে বিছানো সেই মনোহর গালিচা। এক পলক দেখলেই চোখ জুড়িয়ে যায়। এ বিলটি রয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের রাজবল্লভ উত্তরপাড়া গ্রামে। তিস্তা নদীর তীরের ডানে প্রতিরক্ষা বাঁধের পাশেই এ বিল অবস্থিত।
তিস্তা নদীর কোল ঘেঁষে এ লাল শাপলা বিলের ইতিহাস খুব পুরোনো নয়। এ বিলের জন্ম ১৫ বছর আগে। ব্যক্তি মালিকানা এ বিলটির বর্তমান আয়তন প্রায় ২৫ একর। আগে অবশ্য বিলটিকে ‘উত্তরপাড়া বিল’ বলেই চিনত সবাই। বিলটি লাল শাপলায় পরিপূর্ণ থাকায় বর্তমানে হারিয়ে গেছে আগের সে নামটি। এখন এটি ‘লাল শাপলা বিল’ নামেই সর্বত্র পরিচিত। গ্রামীণ প্রকৃতিতে এ শাপলার অবারিত রঙিন রূপ যে কাউকে মুগ্ধ করে।
সাধারণত আগস্ট ও সেপ্টেম্বর মাসে এ বিলে লাল শাপলা ফুল ফোঁটে। এ সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটক আসেন ফুটন্ত লাল শাপলা ফুল দেখতে।
সরেজমিন উপস্থিত হলে লাল শাপলা বিলের জন্ম কাহিনি সম্পর্কে কথা হয় স্থানীয় কৃষক জমসের আলীর (৬৫) সঙ্গে। তিনি জানান, এ বিলের সামান্য অংশের মালিক তিনি। অবশিষ্ট অংশ তাঁর অংশীদারদের।
জমসের আলী জানান, ১৫ বছর আগে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। অনেক চিকিৎসার পরও তাঁর অসুখ ভালো হয় না। অবশেষে এক কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নেন। ওই চিকিৎসায় প্রয়োজন লাল শাপলা। স্বামী জমসের অনেক খুঁজে শেষমেশ মাত্র একটি লাল শাপলা সংগ্রহ করতে পেয়েছিলেন। শাপলার শালুক দিয়ে তৈরি ওষুধ খাওয়ানো হয় জমসেরের স্ত্রীকে। এতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। ভবিষ্যৎ প্রয়োজনের কথা ভেবেই জমসের আলী তাঁর বাড়ির পাশে বিলে পুঁতে রাখেন শাপলা গাছটি। তা থেকে ফোঁটে অনেক লাল শাপলা ফুল। এভাবে মাত্র ৪-৫ বছরেই প্রায় ১০ একর বিল লাল শাপলার বিলে পরিণত হয়। এভাবে বাড়তে থাকলে ১৫ বছরে লাল শাপলা বিল কমপক্ষে ২৫ একর জায়গা বিস্তার করবে।
এ সময় স্থানীয় কৃষক ছকমেল (৬০), ইসলাম উদ্দিন (৬০), শাহিনসহ (৬৫) অনেকে জানান, লাল শাপলা বিলের মালিকেরা সবাই কৃষক শ্রেণির লোক। এরা সবাই নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোক। তাঁরা আর্থিক পৃষ্ঠপোষকতা পেলে এ বিলটিকে একটি পর্যটন কেন্দ্রে রূপ দিতে পারতেন।
লাল শাপলা বিলটি শুধু সৌন্দর্যই নয়, বিল থেকে শাপলা তুলে রংপুরের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এলাকার কয়েকটি দরিদ্র পরিবার। ডিসেম্বর মাসে শীতের শুরুতে বিলের পানি কমে যায়। তখন শাপলা গাছও মরে যায়। সে সময় কৃষকেরা এখানে বোরো ধান চাষ করেন। একই জমিতে ধান ও শাপলার এ সহাবস্থান উত্তরাঞ্চলের আর কোথাও দেখা যায়নি।
এ বিলটি গঙ্গাচড়া উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। রংপুর মহানগরী থেকে অটোরিকশা যোগে বুড়িরহাট হয়ে সরাসরি এখানে যাওয়া যায়। গঙ্গাচড়া উপজেলা সদর থেকেও বালারঘাট হয়ে সরাসরি অটোরিকশায় যাওয়া যায়।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।
৫ ঘণ্টা আগে
আগামীকাল সোমবারের (৩১ আগস্ট) পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ দিন আগে
সকাল থেকেই ঢাকায় দেখা মিলেছে মিষ্টি রোদের। তবে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে, আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে কিন্তু এতে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
১ দিন আগে
লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে। সমুদ্রের আবহাওয়া প্রতিকূল থাকার সম্ভাবনা থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
২ দিন আগে