Ajker Patrika

গান সংরক্ষণ ও সামাজিক কাজের লক্ষ্যে ফাউন্ডেশন গড়ছেন জেমস

বিনোদন প্রতিবেদক, ঢাকা
গান সংরক্ষণ ও সামাজিক কাজের লক্ষ্যে ফাউন্ডেশন গড়ছেন জেমস
জেমস। ছবি: আজকের পত্রিকা

চার দশকের বেশি সময় ধরে সুরের জাদুতে কয়েক প্রজন্মকে মাতিয়ে রেখেছেন দেশের রক আইকন নগর বাউল জেমস। ভক্তদের সেই অকৃত্রিম ভালোবাসার প্রতি দায়বদ্ধতা এবং নিজের সৃষ্টিশীল কাজগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে এবার নিজের নামে ফাউন্ডেশন গড়ার উদ্যোগ নিয়েছেন তিনি। ‘জেমস ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠান থেকে পরিচালিত হবে তাঁর সংগীত সংরক্ষণ ও নানা সামাজিক কার্যক্রম।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি জানান, অনেক দিন ধরে ফাউন্ডেশনটি গড়ে তোলার পরিকল্পনা চলছিল। বর্তমানে এর নিবন্ধনের প্রক্রিয়া চলছে। সবকিছু গুছিয়ে নিয়ে নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে জেমস ফাউন্ডেশনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রবিন ঠাকুর বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে। এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে, কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’

আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু জেমসের। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর কালের পরিক্রমায় হয়ে ওঠেন দেশের রক সংগীতের অন্যতম মহাতারকা। এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত গানকে সঙ্গী করেই বেঁচে থাকতে চান তিনি।

নিজের সংগীতজীবন নিয়ে জেমস জানান, কোনো কিছু পাওয়ার আশায় তিনি কখনো গান করেননি। গেয়েছেন শুধু ভালোবেসে, নিজের আবেগ ও তাড়না থেকে। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিও তাঁর একই পরামর্শ—কোনো কিছু পাওয়ার আশা নিয়ে যেন কেউ সংগীতে না আসেন।

বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেমস। দীর্ঘদিন তাঁর নতুন কোনো অ্যালবাম প্রকাশ না পাওয়ায় ভক্তদের মধ্যে অপেক্ষা রয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, নতুন গান নিয়ে তাঁর পরিকল্পনা আছে, তবে টানা স্টেজ শোর ব্যস্ততার কারণে সময় বের করতে পারছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত