
শিল্পকলা একাডেমিতে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়া, নাট্যকর্মীদের প্রতিবাদ সভায় হামলা—সব মিলিয়ে নাটকপাড়ায় বিরাজ করছে অস্থিরতা। এবার শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘শিল্পকলার ডিজি সাহেব ব্যক্তিগতভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন, আমি যাতে শিল্পকলায় অভিনয় না করি। “রাঢ়াঙ” নাটকের ২০০তম প্রদর্শনী হয়েছে। এখন আমাকে বলা হচ্ছে, এই নাটকে যেন অভিনয় না করি। কারণ, হিসেবে তিনি ছাত্র আন্দোলনের সময় দেওয়া ২৪ জন বিশিষ্টজনের একটি বিবৃতির কথা জানিয়েছেন। আমি কিন্তু সম্প্রতি শিল্পকলা একাডেমিতে “ময়ূর সিংহাসন” নাটকে অভিনয় করেছি, মহিলা সমিতির মঞ্চেও অভিনয় করেছি, তাতেও কোনো সমস্যা হয়নি। শিল্পকলা একাডেমির অসুবিধার জায়গাটা কোথায়? অবশ্যই অসুবিধার একটা জায়গা আছে। কারণ হলো “নিত্যপুরাণ”কে তারা বন্ধ করেছে, পরে এর প্রতিবাদ সভায় আমার ওপর হামলা করেছে। পরদিন আমাদের শো ছিল, কিন্তু তা বন্ধ করে দিতে বাধ্য হলাম। তখন থেকেই এই কথাগুলোর সূচনা হলো, আমি যদি অভিনয় করি তাহলে হামলা হবে।’
শিল্পকলায় মামুনুর রশীদের অভিনয় করা থেকে বিরত থাকা প্রসঙ্গে একাডেমির মহাপরিচালক বলেন, ‘আমি মামুনুর রশীদকে নিজে ফোন করে তাদের রাঢ়াঙ নাটকের শো করতে বলেছিলাম। এই নাটকটি করা দরকার। এই নাটকে উনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন। তাঁকে অনুরোধ করেছি, সেই চরিত্র যদি অন্য কাউকে দিয়ে করানো যায়। কারণ, আপনি যেহেতু আন্দোলনের সময় রাজাকার নিয়ে কিছু বলেছিলেন, এটা নিয়ে মানুষের ক্ষোভ, কষ্ট আছে। আপনি গেলে মানুষের সেই কষ্টটা বাড়বে। সেই জন্য আপনি ছাড়া যদি নাটকটির প্রদর্শনী সম্ভব হয়, এটা আপনি দেখেন।’
মঞ্চে অভিনয় না করার এমন অনুরোধে ক্ষোভ জানিয়ে মামুনুর রশীদ বলেন, ‘আমি কি অভিনয় করতে পারব না! আমার কোনো অপরাধ নেই, অথচ আমাকে অভিনয় করতে দেবে না। রাজাকার স্লোগান নিয়ে ২৪ জন বিশিষ্টজন বিবৃতি দিয়েছিলেন, সেখানে আমার নাম ছিল। ওই বিবৃতিতে কী অপরাধ আছে? এখন তো বলা হচ্ছে, আপনারা কথা বলেন। সেই কথাই বলতে পারব না? এমন একটা সময় চলে এসেছে এই বাংলাদেশে, একটি মহল তো চাচ্ছেই শিল্পসাহিত্য-সংস্কৃতি বন্ধ হয়ে যাক। আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, রাঢ়াঙ আমরা করব না, “কম্পানি”ও করব না। চলুক যত দিন এই ব্যবস্থা চলে।’

নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। জাহাজে কর্মরত কর্মচারীদের যাপিত জীবন, তাঁদের আনন্দ-বেদনা ও নদী কিংবা সাগরে ভাসমান বিচ্ছিন্ন বাস্তবতাই এই সিনেমার মূল প্রেক্ষাপট। সিনেমার প্রচারে ব্যবহারের জন্য গল্পের সঙ্গে মিল রেখে গান খুঁজছিলেন নির্মাতা।
৯ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
১১ ঘণ্টা আগে
ওটিটিতে বেশ অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সর্বশেষ তাঁকে পাওয়া গেছে ২০২৪ সালে, ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে। দুই বছর পর আবার ওটিটিতে ফিরছেন অপূর্ব। অভিনয় করেছেন ‘হেডলাইন’ নামের সিরিজে। এটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। ২৫ জুন হইচইয়ে মুক্তি পাবে এই সিরিজ।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
১ দিন আগে