Ajker Patrika
ওটিটি

অ্যানিমেশন থেকে এবার বাস্তবের বরফরাজ্যে ‘ফ্রোজেন’

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮: ২৯
অ্যানিমেশন থেকে এবার বাস্তবের বরফরাজ্যে ‘ফ্রোজেন’
‘ফ্রোজেন ২’ সিনেমার দৃশ্য

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রোজেন’-এর জগতে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। ন্যাশনাল জিওগ্রাফিক ও ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে নতুন ন্যাচারাল হিস্ট্রি (প্রাকৃতিক ইতিহাস) সিরিজ ‘দ্য রিয়েল ফ্রোজেন’। এই সিরিজে দেখানো হবে ফ্রোজেন সিনেমার প্রাণীদের পাশাপাশি আরও অনেক প্রাণীর বরফজীবনের বেঁচে থাকার লড়াই। ধারাভাষ্যকার হিসেবে থাকবেন মূল ফ্রোজেন সিনেমার তারকা ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জশ গ্যাড ও জোনাথন গ্রফ।

ফ্রোজেনের চরিত্রগুলোকে বাস্তবের পরিবেশে নতুনভাবে তুলে ধরা হবে দ্য রিয়েল ফ্রোজেন সিরিজে। ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের চোখধাঁধানো বরফাচ্ছাদিত পরিবেশে ধারণ করা হবে সিরিজটি। প্রচণ্ড শীত ও প্রতিকূল প্রকৃতির মধ্যে টিকে থাকার লড়াইয়ে বাস্তবের কিছু প্রাণীর সাহস, আনুগত্য, ঘুরে দাঁড়ানোর কৌশল এবং পারস্পরিক সম্পর্ক উঠে আসবে এতে। দেখানো হবে, বাস্তবের বরফঢাকা জগৎটাও ফ্রোজেন সিনেমার মতোই জাদুকরি।

দ্য রিয়েল ফ্রোজেন সিরিজটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে মুক্তি পাবে। এটি ন্যাশনাল জিওগ্রাফিকের ‘দ্য রিয়েল’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংযোজন। এর আগে তারা এমিজয়ী ‘আ রিয়েল বাগস লাইফ’ নির্মাণ করেছে এবং সামনে আসতে চলেছে ‘দ্য রিয়েল ফাইন্ডিং নিমো’।

উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ঝড় তুলেছিল ডিজনির অ্যানিমেশন সিনেমা ফ্রোজেন। দুই রাজকন্যা এলসা ও আনার গল্প এটি। এলসার রয়েছে জাদুকরি ক্ষমতা, যার মাধ্যমে সে বরফ তৈরি করতে পারে। কিন্তু দুর্ঘটনাবশত তার এই ক্ষমতার কারণে পুরো রাজ্য চিরস্থায়ী বরফের চাদরে আটকা পড়ে। এরপর এলসাকে উদ্ধার করতে এবং রাজ্যকে বাঁচাতে সঙ্গীদের নিয়ে রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়ে আনা।

দুই বোনের এই অটুট ভালোবাসা ও আত্মত্যাগের গল্পের প্রথম পর্বটি বিশ্বজুড়ে আয় করে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি। ২০১৯ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ফ্রোজেন ২’ বক্স অফিসে ঝড় তুলে আয় করে প্রায় দেড় বিলিয়ন ডলার। এ সিনেমার তৃতীয় পর্ব নির্মাণ করছে ডিজনি অ্যানিমেশন স্টুডিওস, যা মুক্তি পাবে ২০২৭ সালের নভেম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত