
কয়েক বছর ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। মনোযোগ দিয়েছেন ওটিটি ও সিনেমায়। ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রিয় মালতী মেহজাবীনের মুক্তি পাওয়া প্রথম সিনেমা হলেও তিনি প্রথম অভিনয় করেছিলেন ‘সাবা’ সিনেমায়। দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার দেশের হলে মুক্তি পাচ্ছে সাবা। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাকসুদ হোসেন।
শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবা। বাবা মারা গেছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায়। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি সাবা। আর্থিক অনটনের মধ্যেও দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা করে সে। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সাবা। নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
নিজের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির গল্প লিখেছেন নির্মাতা মাকসুদ হোসেন। তিনি বলেন, ‘২৫ বছর আগে আমার স্ত্রী ত্রিলোরা ও তার মায়ের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর পর থেকে আমার শাশুড়ি হুইলচেয়ারে বসা। ত্রিলোরাই তাঁর দেখভাল করত। কোভিডের সময় ত্রিলোরার বাবা মারা যাওয়ার পর সে খুব চিন্তায় পড়ে যায়, কীভাবে একা সে তার মায়ের টেককেয়ার করবে। যদিও তার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো। তখন আমরা চিন্তা করলাম, এই গল্পটি পর্দায় ফুটিয়ে তোলার। তবে ভিন্ন প্রেক্ষাপটে, যেখানে সাবাকে একজন নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে দেখানো হয়েছে।’
গত বছরের সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সাবার। এরপর বুসান, রেড সি, গোথেনবার্গ, সিডনি, রেইনড্যান্সসহ প্রায় এক ডজন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।
উৎসবের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা মাকসুদ হোসেন। তিনি বলেন, ‘বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর উপস্থিত দর্শকের প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে। এবার দেশের দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। আশা করছি, সন্তানেরা তাঁদের মাকে সঙ্গে নিয়ে সাবা উপভোগ করতে হলে আসবেন।’
সাবা ছাড়াও এবারের দুর্গাপূজায় মুক্তির তালিকায় আছে একাধিক সিনেমা। ইতিমধ্যে এসেছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও এস এম শফিউল আযমের ‘উদীয়মান সূর্য’ সিনেমার মুক্তির ঘোষণা।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে