Ajker Patrika

সব রেকর্ড ভেঙে মালয়ালম ইন্ডাস্ট্রির শীর্ষে ‘বেথলেহেম কুড়ুম্বা ইউনিট’

বিনোদন ডেস্ক
সব রেকর্ড ভেঙে মালয়ালম ইন্ডাস্ট্রির শীর্ষে ‘বেথলেহেম কুড়ুম্বা ইউনিট’
‘বেথলেহেম কুড়ুম্বা ইউনিট’ সিনেমার দৃশ্যে নিভিন পৌলি ও মামিথা বাইজু

এক মাস আগেও মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল ৩০০ কোটি রুপির বেশি। সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেছে ‘বেথলেহেম কুড়ুম্বা ইউনিট’। গিরিশ এডি পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি মুক্তির মাত্র ২৬ দিনে বিশ্বজুড়ে ৩১০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

ওনাম উৎসবকে সামনে রেখে গত ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় বেথলেহেম কুড়ুম্বা ইউনিট। শুরু থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতি বজায় রেখে মাত্র ২৪ দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। পেছনে ফেলে দেয় ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’, ‘এলটু: এমপুরান’ ও ‘থুডারাম’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকে।

গানের প্রতি অভিন্ন ভালো লাগা থেকে প্রতিবেশী তরুণী অ্যাশলি ও মধ্যবয়সী জাস্টিনের মধ্যে গড়ে ওঠে প্রেম। কিন্তু বয়সের ব্যবধান আর পরিবারের বিরোধিতার মুখে তারা আলাদা হতে বাধ্য হয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায় অ্যাশলি। দেড় বছর পর দেশে ফিরে দুজনের পুনর্মিলন, পুরোনো আবেগের মুখোমুখি হওয়া এবং পরিবারের বাধা পেরিয়ে নিজেদের সম্পর্ককে বেছে নেওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে বেথলেহেম কুড়ুম্বা ইউনিট।

সিনেমাটি বানিয়েছেন ‘প্রেমালু’খ্যাত পরিচালক গিরিশ এডি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিভিন পৌলি ও মামিথা বাইজু। বেথলেহেম কুড়ুম্বা ইউনিটের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সিনেমার অন্যতম প্রযোজক ফাহাদ ফাসিল বলেন, ‘দর্শক যেভাবে এটিকে ভালোবেসে গ্রহণ করেছে, প্রযোজক হিসেবে তা দেখা পরম আনন্দের। আমাদের বিশ্বাস ছিল সৎ ও নতুন ঘরানার কনটেন্ট দর্শকের মন জয় করবে। ওনাম উৎসবের ছুটির সময়ে মুক্তি পাওয়াটাও সিনেমাটির এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত