Ajker Patrika

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি
রিদি

রং-তুলিতে কখনো ফুটে ওঠে প্রকৃতির সৌন্দর্য, কখনো মানুষের মুখচ্ছবি, কখনো রণাঙ্গনের দৃশ্য। আবার কখনো তার কণ্ঠে বেজে ওঠে দেশাত্মবোধক গান, হামদ-নাত ও ইসলামি সংগীত। মানিকগঞ্জের কিশোরী ফাতেমা আনসারী জান্নাত রিদি এভাবেই নিজের প্রতিভাকে মেলে ধরছে নানা দিকে।

রিদি মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির

শিক্ষার্থী। বাবা রিপন আনসারী সাংবাদিক, মা শাহিন নাহার লিমা স্কুলশিক্ষিকা। তাঁদের উৎসাহেই শৈশব থেকে পছন্দের কাজে মন দেওয়ার সুযোগ

পেয়েছে রিদি।

চার বছরে প্রতিভার ঝলক

মাত্র সাড়ে চার বছর বয়সে শুরু হয়েছিল তার সৃজনশীল পথচলা। সময়ের সঙ্গে সেই আগ্রহ রূপ নিয়েছে নিয়মিত চর্চা ও প্রতিযোগিতার মঞ্চে সাফল্যে। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অর্জন করেছে একাধিক পুরস্কার ও সম্মাননা।

রঙের জগতে সাফল্য

নদী, ফুল ও প্রকৃতি এঁকেই শুরু। পরে তার ছবিতে উঠে এসেছে মানুষের প্রতিচ্ছবি, ইতিহাস ও সমসাময়িক ঘটনাপ্রবাহ। জেলা প্রশাসনের ‘মানিকগঞ্জের ইতিবৃত্ত’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিম্নমাধ্যমিক বিভাগে উপজেলা ও জেলা, দুই পর্যায়েই সে প্রথম। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও জেলা পর্যায়ে সাফল্য পায় রিদি। ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়ে পেয়েছে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ অধিদপ্তরের প্রতিযোগিতায় হয়েছে দ্বিতীয়। জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসার প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মর্মস্পর্শী দৃশ্য এঁকেও মিলেছে স্বীকৃতি।

সুরের ভুবনে পদচারণা

সংগীতেও রয়েছে রিদির আগ্রহ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর হামদ-নাত প্রতিযোগিতায় জেলায় প্রথম এবং দলীয় সংগীতে দ্বিতীয় হয়েছে রিদি। স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, পয়লা বৈশাখ ও রবীন্দ্র-নজরুলজয়ন্তীতেও সে ছবি আঁকে, আবৃত্তি করে, গান গায়। খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও জেলা প্রশাসকের হাত থেকেও পেয়েছে সম্মাননা।

স্বপ্ন চিকিৎসক হওয়ার

ভবিষ্যতে চিকিৎসক স্বপ্ন দেখে রিদি। সে বলে, ‘আল্লাহর অশেষ কৃপা ও মা-বাবার অনুপ্রেরণায়

আমি এগোচ্ছি। চিত্রাঙ্কন আমার সবচেয়ে প্রিয়। দেশের গান আর ইসলামি গানও ভালো লাগে। সংস্কৃতিকে হৃদয়ে রেখে দক্ষ ও মানবপ্রেমী

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত