নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

চার-ছক্কার ফুলঝুরি আর গ্যালারির করতালিতে মুখর ছিল ব্র্যাক ইউনিভার্সিটির ক্রীড়া প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয়টির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের আয়েশা আবেদ টি-টেন আন্তবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে ১৫ অক্টোবর। এই আসরে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়।
উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর বিভিন্ন ক্রীড়া আয়োজনের সুযোগ থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি ক্রীড়া অবকাঠামো আরও উন্নত করতে কাজ করছে।
টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে আয়েশা আবেদের নামে। তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সহধর্মিণী এবং প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক। দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে, বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের পথ তৈরিতে তাঁর ভূমিকা ছিল অগ্রণী। ব্র্যাকের শুরুর দিনগুলোতে প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করা, তাদের সচেতন করে তোলা এবং জীবিকার সুযোগ তৈরির কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর গড়ে ওঠে আয়েশা আবেদ ফাউন্ডেশন, যা গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে চলেছে।
আয়োজক ব্র্যাক ইউনিভার্সিটির পাশাপাশি মাঠে নেমেছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), উত্তরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
শিরোপার লড়াইয়ে শেষ হাসি হেসেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনালে তারা ১২১ রানে হারিয়েছে উত্তরা ইউনিভার্সিটিকে। ব্যাট হাতে ঝড় তুলেছেন ড্যাফোডিলের নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শায়লা সুমাইয়া সৃষ্টি। পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করা এই ব্যাটার ফাইনালে খেলেছেন ২৭ বলে ১১৪ রানের ইনিংস। ম্যাচ ও টুর্নামেন্ট, দুই সেরার পুরস্কারই উঠেছে তাঁর হাতে।
বল হাতে আলো ছড়িয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী পূজা রানী সরকার। দুটি হ্যাটট্রিকের কীর্তিতে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার। চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পেয়েছে ১ লাখ টাকা। রানারআপ উত্তরা ইউনিভার্সিটির প্রাপ্তি ৫০ হাজার টাকা।
ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং স্টুডেন্ট লাইফের হেড তাহসিনা রহমান।









